সরকারি চাকরিজীবীদের ১৮ দাবি বাস্তবায়নে তোড়জোড়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নে তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ১৮টি দাবি বাস্তবায়নে পর্যালোচনা করছে। যেসব দাবির বিষয়ে এর আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, সেগুলো শিগগির চূড়ান্ত করতে একাধিক বৈঠক করেছে সংশ্নিষ্ট মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মচারীরা অর্ধশতাধিক দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে এলেও সংশ্নিষ্টরা আমলে নেননি। তবে নির্বাচন সামনে রেখে নড়েচড়ে বসেছেন সরকারের নীতিনির্ধারকরা।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুয়াজ্জেম হোসাইন বলেন, আমরা সরকারি কর্মচারীদের ১৮টি দাবি-দাওয়া নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছি। এর মধ্যে কিছু দাবি সংশ্নিষ্ট কর্মচারীদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। এসব দাবির বিষয়ে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের মতামত চাওয়া হবে।
তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। এরপর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কমিটি সুপারিশ করবে। তবে সেটি বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এসব দাবির মধ্যে রয়েছে- সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণ, বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের সচিবালয়ের মতো পদমর্যাদায় উন্নীতকরণ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উচ্চ পদে নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের তৃতীয় শ্রেণিতে পদোন্নতির জন্য পদসংখ্যা বৃদ্ধি করা।
সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটি গত ৩ সেপ্টেম্বর একটি বৈঠক করেছে। এসব দাবি-দাওয়া পুনরায় পর্যালোচনার জন্য আজকালের মধ্যে কমিটির সভা ডাকা হবে। সভায় আগের বৈঠকের সুপারিশগুলো নিয়ে পর্যালোচনা করা হবে।
সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়নের সংগঠনগুলো হলো- মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি, বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কারিগরি শিক্ষা বোর্ডের কর্মচারীদের পদবি পরিবর্তন কমিটি, গণপূর্ত অধিদপ্তর কর্মচারীদের অধিকার আদায় কমিটি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতির জন্য পদসংখ্যা বৃদ্ধি বাস্তবায়ন কমিটি। তবে শেষের দাবিটি বাস্তবায়নে চারটি সংগঠন রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সুপারিশের ভিত্তিতে দাবি-দাওয়া পর্যালোচনা কমিটি জানিয়েছে, আবেদনে বর্ণিত বিষয়াদি আবেদনকারীদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। তাই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করা যেতে পারে। আর বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের দাবির বিষয়ে এর আগে দাবি-দাওয়া সংক্রান্ত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত, সিদ্ধান্তের বিষয়ে কার্যক্রমসহ পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের দাবির বিষয়েও একই মতামত জানানো হয়েছে। এভাবে প্রতিটি দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের সুপারিশ করেছে স্থায়ী কমিটি। তবে বেশিরভাগ দাবির বিষয়ে আগের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়নের কথা বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদসংখ্যা ১৭ লাখ ১০ হাজার ৭০৪। এর মধ্যে তৃতীয় শ্রেণির কর্মচারী পদে নিয়োগপ্রাপ্তের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার ২৩৭। চতুর্থ শ্রেণির কর্মচারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। দাবি-দাওয়া সংক্রান্ত কর্মচারীদের বেশির ভাগই তৃতীয় ও চতুর্থ শ্রেণির এবং প্রত্যেকেই ভোটার। ফলে নির্বাচনের আগে দাবি-দাওয়া পূরণ হলে তা সরকারের জন্য সহায়ক হতে পারে। তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।











