দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা
অনলাইন ডেস্ক : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ারের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
বৈঠকে দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে চান পররাষ্ট্র সচিব। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। সৌদি সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তদন্তের পর সৌদি নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে। পরে মামলাটি আদালতে গড়ালে বিচার শেষে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে রায় বহাল থাকার পর তা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত কারণ ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সৌদি সরকারের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।











