প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রো।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষ গুরুত্ব পায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো।
এ ছাড়া আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাবনা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা। শান্তিরক্ষা কার্যক্রমে যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা উন্নয়নে ইতালির সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।











