দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক : দেবী দুর্গার সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বিশেষ সাজের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই তার ভক্ত ও অনুসারীদের মধ্যে দেখা গেছে ব্যাপক সাড়া।
ভিডিওতে পরীমণিকে লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় মুকুট এবং হাতে পদ্মফুল নিয়ে দেখা যায়। তার সাজে ফুটে উঠেছে দুর্গাপূজার আবহ। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীমণির এই সাজের প্রশংসা করছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকে তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। কেউ তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ লিখেছেন, সব সাজেই তাকে সুন্দর লাগে।
প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় সাড়ে ছয় হাজার মন্তব্য পড়ে বলে জানা গেছে।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।











