বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জুঁই উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাঁর স্বামী বর্তমানে কুয়েতে রয়েছেন। জুঁইয়ের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, স্বামী বিদেশে থাকার সময় অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁইয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় থাকতেন বলেও স্থানীয়দের দাবি। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তাঁর পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।
ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই ও এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, শনিবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরে রোববার সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











