প্রেম করে বিয়ে, তারপর সিনেমার কাহিনী
পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের আল-আমিন। প্রেম করে বিয়ে করায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর পরিবারকে মারপিট, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় গ্রামছাড়া হয়ে পরিবারটি এখন অন্য গ্রামে মানবেতর জীবন পার করছেন।
এলাকার মাতবররা বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেওয়ায় এখনো মামলা করতে সাহস পাচ্ছে না আল-আমিনের পরিবার।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আল-আমিনের সঙ্গে একই গ্রামের আবদুস সোবহানের মেয়ে সুমাইয়া খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ২০১৫ সালের ৫ মে ঢাকায় বিয়ে করেন। কিন্তু চাকরি না হওয়ায় দুজনেই বিয়ের বিষয়টি গোপন রাখেন। এর মধ্যে সুমাইয়ার বাবা সিরাজগঞ্জ শহরের তেলকুপি গ্রামের সাবেক এক চেয়ারম্যানের ছেলে দুবাই প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক করেন। তাই আল-আমিন নিজের বিয়ের বিষয়টি প্রকাশ করেন। বিয়ের কথা শুনেই সুমাইয়ার বাবা, ভাই এনামুল, এমদাদুল, সালাহ উদ্দিন, আমজাদ ও লিটনসহ তাঁদের স্বজনরা আল-আমিন ও তাঁর পরিবারের সদস্যদের মারপিট করেন। একই সঙ্গে তাঁদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে গ্রাম থেকে বের করে দেন। এ ছাড়া সুমাইয়াকে ভয়ভীতি দেখিয়ে বিবাহবিচ্ছেদ করান।
আল-আমিন বলেন, ‘আমরা দুজনে বিয়ে করে প্রায় আড়াই বছর সংসার করেছি। বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। আমাদের স্মৃতির অনেক ছবি রয়েছে। চাকরি না হওয়ায় জমি বিক্রি করে বউকে শাড়ি-গহনাসহ সবকিছু কিনে দিয়েছি। কিন্তু সুমাইয়ার বাবা-ভাই তাঁকে ভয়ভীতি দেখিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাই আমি বিয়ের বিষয়টি প্রকাশ করি।’
আল-আমিন আরো বলেন, ‘বিয়ের কথা প্রকাশ করায় সুরাইয়ার পরিবার আমাকেসহ আমার পরিবারের সবাইকে মারপিট করে। একই সঙ্গে ঘরবাড়ি লুট করে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। মাতবররা নিষেধ করায় আমরা মামলা করতেও পারছি না। এখন আমরা গ্রাম ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। তারপরও সুমাইয়ার স্বজনরা বিভিন্নভাবে মোবাইলে হুমকি দিচ্ছে।’
তবে সুমাইয়ার ভাই এনামুল দাবি করেন, তাঁর বোনের সঙ্গে আল-আমিনের প্রেমের সম্পর্ক ছিল না। তাঁদের কখনো বিয়েও হয়নি। তাঁদের বসতবাড়ি ভাঙচুর করেছে গ্রামের লোকজন। এর সঙ্গে তাঁরা জড়িত নন।
আল-আমিনের বাবা রেজাউল করিম বলেন, ‘আমাদের মারপিট করে গ্রাম থেকে বের করে দেওয়ার পর মাতবররা বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তাঁরা কোনো উদ্যোগ নেননি।’
এলাকার মাতবর হাজি আবুল হোসেন, আমজাদ হোসেন, শাহ আলম ও বেলাল হোসেন জানান, ঘটনাটি শোনার পর থেকে মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কোনো পক্ষই এগিয়ে না আসায় মীমাংসা করা সম্ভব হচ্ছে না।











