এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ঢাকার ২৫টি কর অঞ্চলের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদনের সুযোগ দেওয়ায় ঢাকা বিভাগের অন্য ১২ জেলার যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।
এ সিদ্ধান্ত বাতিল করে ঢাকা বিভাগের ১৩টি জেলার যোগ্য প্রার্থীর জন্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে চাকরিপ্রার্থীরা উল্লেখ করেন, ঢাকার কয়েকটি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা হিসেবে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত রাখা হয়েছে। এর ফলে ঢাকা বিভাগের অন্যান্য জেলার হাজারো যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগ হারাচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
আন্দোলনকারীরা জানান, তাঁরা ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের অভিযোগ, অতীতে ঢাকার বিভিন্ন কর অঞ্চলের নিয়োগে ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারতেন। কিন্তু সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে হঠাৎ করেই ঢাকা জেলার বাইরের প্রার্থীদের আবেদনের সুযোগ সীমিত করা হয়েছে।
চাকরিপ্রার্থীরা তাঁদের দাবির পক্ষে সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁদের মতে, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এ ধরনের সীমাবদ্ধতা বৈষম্য সৃষ্টি করতে পারে এবং সাংবিধানিক অধিকারের প্রশ্ন উত্থাপন করে।
স্মারকলিপিতে তাঁরা বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত সব জেলার যোগ্য প্রার্থীর জন্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা হলে ঢাকা বিভাগের সব জেলার যোগ্য প্রার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার ন্যায্য সুযোগ পাবেন।











