পরাজয়ের জন্য রাশিয়া ও এফবিআই প্রধান দায়ী: হিলারি
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়া ও এফবিআই প্রধানকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। মঙ্গলবার নিউইয়র্কের ওয়ার্ল্ড সামিটের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তুলেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পার হলেও নির্বাচন নিয়ে এখনো আলোচনা থামেনি। নির্বাচনে পরাজয় নিয়ে এবার খোলামেলা কথা বলেন হিলারি। তিনি বলেন, নির্বাচনের প্রচারাভিযান নিয়ে তিনি একটি বই লিখছেন। বইটির জন্য তিনি তার নির্বাচনে পরাজয়ের কারণ চিহ্নিত করার জন্য ব্যাপক গবেষণা করেছেন।
হিলারি বলেন, তার নির্বাচনী প্রচারাভিযানে চ্যালেঞ্জ, সমস্যা ও ঘাটতি ছিল। নির্বাচনে পরাজয়ের জন্য তিনি তৎকালীন এফবিআই প্রধান জেমস কমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন।
হিলারির দাবি, তিনি নির্বাচনে জয়ের পথে ছিলেন। কিন্তু অক্টোবরের ২৮ তারিখে তৎকালীন এফবিআই প্রধানের চিঠি এবং রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর তৎকালীন এফবিআই প্রধান মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়ে জানায়, হিলারির ব্যক্তিগত ই-মেইলের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এফবিআই প্রধানের এ দাবির আগে নির্বাচন হলে তিনিই জয়ী হতের বলে দাবি হিলারির। তিনি বলেন, তার নির্বাচনী প্রচারের শেষ ১০ দিনে সব কিছু পাল্টে যায়।
প্রেসিডেন্ট নির্বাচনে বড় একটি দলের হয়ে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেন হিলারি ক্লিনটন। সেটিও তার পরাজয়ের একটি বড় কারণ হতে পারে বলে মন্তব্য করেন সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার নির্বাচনে জয়লাভ করা নারী অধিকারের জন্য বিশ্বজুড়ে একটি বড় ঘটনা হতে পারতো বলে মনে করেন হিলারি।
প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে হিলারি বলেন, কোনো এক সকালে শুধু টুইটারে কিছু বার্তা লিখে উত্তর কোরিয়া সমস্যার সমাধান করা যাবে না। একজন সক্রিয় নাগরিক হিসেবে হিলারি তার দায়িত্ব পালন করবেন এবং ট্রাম্পের যেসব ‘ভুল নীতি’ রয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলবেন বলেও জানান।











