হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান
সিলেট প্রতিনিধি : এবার সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকেই একটি বাড়ি ঘিরে অভিযানের প্রস্তুতি চলছে। হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হচ্ছে। এ নিয়ে মার্চ মাসেই অষ্টমবারের মতো জঙ্গি তৎপরতার ঘটনা ঘটলো।
ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল গভীর রাতে পাঁচতলা ভবনটি ঘিরে ফেলে। সকালের দিকে ওই বাড়ি থেকে পুলিশের দিকে গ্রেনেড ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়।
এদিকে সোয়াটের একটি দল হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পরই মূল অভিযান শুরু হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘আছিয়া ভিলা’ নামে ওই বাড়ির নিচতলার চার নম্বর ইউনিটে জঙ্গিরা আস্তান গেড়েছে বলে তারা সন্দেহ করছেন। আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
আছিয়া ভিলার অন্যান্য ফ্ল্যাটে যে পরিবারগুলো আটকা পড়েছে, তাদের দরজা-জানালা বন্ধ করে ভেতর থাকার পরামর্শ দেয়া হচ্ছে পুলিশের হ্যান্ড মাইক থেকে।
পুলিশ জানায়, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালাতে গিয়েই শিববাড়ির ওই ভবনের সন্ধান পান তারা।
প্রসঙ্গত, গতবছর জুলাই মাসে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশব্যাপী ব্যাপক অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। মাঝে কিছুদিন এমন ঘটনা ছিল না বললেই চলে। তবে গত মার্চের শুরু থেকে নতুন করে জঙ্গি আস্তানার সন্ধান মিলছে ও জঙ্গি তৎপরতা বেশি মনে হচ্ছে।
এ মাসের ধারাবাহিক ঘটনাগুলোর সংক্ষিপ্ত বর্ণনা:
৬ মার্চ: হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের আদালত থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়ার পথে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়।
৭ মার্চ: কুমিল্লায় একটি বাসে তল্লাশির সময় পুলিশের দিকে বোমা ছোড়ার পর ধরা পড়ে ‘নব্য জেএমবির’ দুই জঙ্গি। তাদের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে ওই রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
১৫ মার্চ: সীতাকুণ্ড পৌর এলাকার আমিরাবাদের এক বাড়ি থেকে বিস্ফোরকসহ এক জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রেমতলা এলাকায় আরেক বাড়িতে অভিযানে যায় পুলিশ।
১৬ মার্চ: দীর্ঘ ১৯ ঘণ্টা ঘেরাও করে রাখার পর প্রেমতলার ওই বাড়িতে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে এক নারীসহ চার জঙ্গি নিহত হন। এছাড়া ভেতরে বোমায় বিক্ষত এক শিশুর লাশ পাওয়া যায়।
১৭ মার্চ: শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় আশকোনায় র্যাবের একটি ব্যারাকে ঢুকে পড়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণে নিহত হয় সন্দেহভাজন এক জঙ্গি।
১৮ মার্চ: মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি ভোর সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের ‘শেখের জায়গা’ মোড়ের কাছে চেক পোস্টে ঢুকে পড়ার পর র্যাব সদস্যদের গুলিতে নিহত হন এক ব্যক্তি। র্যাব কর্মকর্তারা বলছেন, হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা ছিল।
২০ মার্চ: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে অস্তিত্ব জানান দিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি। এরপর সংগঠনটি নিষিদ্ধ করা হয়। কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায় চলতি মাসের ঘটনাগুলোতে গ্রেফতার ও নিহত জঙ্গিদের সবাই নব্য জেএমবির সদস্য বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। নতুন অংশটিই গত দুই বছরে গুলশান হামলাসহ অধিকাংশ জঙ্গি হামলা ও হত্যার ঘটনা ঘটিয়েছে।
২০০৬ সালের ২ মার্চ এই সিলেটেরই পূর্ব শাপলাবাগের ‘সূর্যদীঘল বাড়ি’ নামের একটি ভবন ঘেরাও করে আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ সময় পর আত্মসমর্পণ করেন মূল জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও তার স্ত্রী-সন্তান।











