বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্তি বাড়ছে নারীদের

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর স্কুল-কলেজ এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের ধূমপান আসক্তি আশঙ্কাজনক হারে বেড়েছে। একটা সময় সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে নারীরা লুকিয়ে ধূমপান করলেও এখন জনবহুল স্থানে সবার সামনে তারা ধূমপান করছেন। এমনকি নারীদের এই মাদকাসক্তি শুধু ধূমপানের মধ্যে আর সীমাবদ্ধ নেই। সিসা, ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদকেও তারা দিন দিন আসক্ত হয়ে পড়ছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেওয়া তথ্যে, ঢাকার সিসা বারগুলোতে নারীরা এখন নিয়মিত সিসার মধ্যে ‘হার্ড ড্রাগস’, যেমন ইয়াবা ও গাঁজা মিশিয়ে সেবন করছেন। মূলত আর্থিকভাবে সচ্ছল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মেয়েরাই ধূমপানে বেশি আসক্ত। সংশ্লিষ্টরা বলছেন, মাদক গ্রহণের ক্ষেত্রে নারীদের মধ্যে এখন অনেকটা বেপরোয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা আগে ছিল না।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে, দেশে মোট নারীর দুই কোটিরও কিছু বেশি তামাক সেবন ও ধূমপানে আসক্ত। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের ৪৩.৩৩ শতাংশ শিক্ষার্থীর ওপর এক জরিপ করে। এ তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টির চার ভাগ মেয়ে শিক্ষার্থীই ধূমপায়ী। আর এর মধ্যে শতকরা ৬৬ ভাগই চারুকলা অনুষদের ছাত্রী। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত ২০১২ সালের এক জরিপে জানা যায়, দেশে মাদকাসক্তদের মধ্যে ২০ দশমিক ৬ শতাংশ নারী। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হিসাবে, দেশের ৪০ লাখ মাদকাসক্তের মধ্যে নারী মাদকাসক্তের সংখ্যা চার লাখ। এমনকি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও এক অনুষ্ঠানে দেশে নারী ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, বাংলাদেশে প্রতিবছর ৫ দশমিক ৭ শতাংশ নারী তামাক ব্যবহারের কারণে মৃত্যুবরণ করেন। উত্তরার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লাইট হাউসের কনসালটেন্ট ডা. জসিম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাধারণত মাদকাসক্ত নারীদের অরুচি, অনিদ্রা, শুকিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, মানসিক ভারসাম্যহীনতা ইত্যাদি সমস্যা হয়। এ ছাড়া গর্ভবতী নারীদের ক্ষেত্রে মাদক গ্রহণের ফলে মা ও গর্ভের সন্তান উভয়ের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। গর্ভের সন্তান অপুষ্ট হওয়া, কিছু ক্ষেত্রে গর্ভেই সন্তানের মৃত্যু হতে পারে।

রাজধানীর কুড়িল ফ্লাইওভার পেরিয়ে ৩০০ ফুট রাস্তাটি পার হয়ে পূর্বাচলের দিকে যেতেই দেখা যাবে, হাতের বাঁ দিকে গড়ে উঠেছে বেশ কিছু ফাস্টফুডের দোকান। এর মধ্যে একটি কাজী ফুড আইল্যান্ড। সকাল থেকে রাত পর্যন্ত তরুণ-তরুণীদের পদচারণে মুখরিত থাকে স্থানটি। বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রিয় আড্ডাস্থল এটি। এর মধ্যে কাজী আইল্যান্ডে আসা উল্লেখযোগ্য গ্রাহকই কিশোরী ও তরুণী। বিভিন্ন খাবারের ফাঁকে তারা একের পর এক সিগারেট ধরায়। এমনকি এ সময় আশপাশে থাকা মুরব্বিদের বারণও তারা গায়ে মাখে না। পাশের আসনে বসে থাকা শিশুটির যে সিগারেটের ধোঁয়ায় সমস্যা হচ্ছে, সেটি দেখেও ছেলেবন্ধুটির মতো মেয়েগুলো না দেখার ভান করে। কাজী ফুড আইল্যান্ডের পাশে গড়ে ওঠা অন্য রেস্টুরেন্টগুলোরও একই দশা। সেখানেও বিভিন্ন বয়সী নারী ও কিশোরীকে মাত্রাতিরিক্ত ধূমপান করতে দেখা যায়। ধানমন্ডি, বনানী ও গুলশানের বেশ কয়েকটি রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, অনেক রেস্টুরেন্টে ধূমপানের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে। সেখানে পুরুষ ধূমপায়ীদের সঙ্গে নারী ধূমপায়ীদেরও পাওয়া যায়। বিশেষ করে রুফটপ বা খোলা আকাশের নিচে বসে যেসব রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে নারী ধূমপায়ীদের আনাগোনা বেশি। এ রকম কয়েকটি রেস্টুরেন্টের মধ্যে ধানমন্ডির ক্যাফে দ্রুমে অনেক আগে থেকেই নারী ধূমপায়ীদের আনাগোনা আছে। রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের এই রুফটপ রেস্টুরেন্টে প্রতিদিন আশপাশের বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীসহ উঠতি বয়সী ছেলে-মেয়েরা খাবার খেতে আসেন ঠিকই কিন্তু এর সঙ্গে চলে বেপরোয়া ধূমপান। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরা একের পর এক সিগারেট পোড়ান। এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মীদেরও এখন পুরুষ কর্মীদের সঙ্গে কর্মবিরতির ফাঁকে ধূমপান করতে দেখা যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন আড্ডায় তরুণী ও নারীদের প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, শুধু রেস্টুরেন্টেই নয়, মেয়েরা এখন শহরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ডিজে পার্টি ও ওপেন এয়ার কনসার্ট বা সংগীত উৎসবসহ নানা স্থানে ধূমপান করছেন। তবে এই ধূমপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য অংশই বয়সে কিশোরী ও তরুণী। নগরীর বেশ কয়েকটি এলাকায় তামাকজাত পণ্য বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগের চেয়ে এখন মেয়েদের ধূমপানে আসক্তি কয়েকগুণ বেড়েছে। আগে মেয়েরা সিগারেট কিনতে ছেলেবন্ধু, গৃহকর্মী, ভাই বা অন্য কারও সাহায্য নিলেও এখন নিজেরাই সরাসরি কিনছে। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের সেবাগ্রহীতাদের বেশির ভাগই বিদেশি। তাদের জন্য প্রায়ই অফিস থেকে পার্টির আয়োজন করা হয়। সেখানে বিদেশিরা মদ্যপান ও ধূমপান করেন। আর তাদের আপ্যায়ন করাতে গিয়ে আমরাও এখন মদ্যপান ও ধূমপানে আসক্ত হয়ে পড়েছি। ’

তবে শুধু ধূমপান নয়, ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে নারীদের লাগামহীন সিসা গ্রহণের দৃশ্যও এখন চোখে পড়ছে। নারীরা সিসা গ্রহণ করে এমন একটি স্থান ‘ক্লাব এলাভেন’। বনানী ১১ নম্বর রোডের ১১ তলায় অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বিভিন্ন দেশি-বিদেশি খাবারের পাশাপাশি ছোট-বড় নানা আকৃতির কাচের পাত্রে সিসা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা রেস্টুরেন্টটির মূল গ্রাহক। এদের মধ্যে ছেলে ও মেয়ের হার সমান। আছে বিভিন্ন উঠতি নারী মডেলও। বিকাল থেকে এই রেস্টুরেন্টে শুরু হয় বেপরোয়া সিসা গ্রহণ। বিভিন্ন ফ্লেভারের সিসা পাওয়া যায় এখানে। মেয়ে গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্য আলাদা বসার ব্যবস্থাও আছে। রেস্টুরেন্টটিতে সম্প্রতি গিয়ে দেখা যায় খাবার খেতে নয়, শুধু সিসা খেতে অনেক মেয়ে তার বন্ধুদের সঙ্গে ক্লাব এলাভেনে এসেছেন।

মাদক চিকিৎসায় জড়িত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন ডিজে পার্টিগুলোতেও এখন নারীরা ধূমপান, সিসা গ্রহণের সঙ্গে আশঙ্কাজনক হারে ইয়াবা সেবন করছেন। আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীসহ নিম্নবিত্ত নারীদের অনেকেই গাঁজা সেবন করছেন। এর মধ্যে ধূমপানের পর নারীরা সবচেয়ে বেশি আসক্ত ইয়াবায়। বিশেষজ্ঞরা জানান, ইয়াবা আকৃতিতে ছোট, এর গন্ধ স্ট্রবেরির মতো, দেখতেও রঙিন ও আকর্ষণীয়। ফলে কিশোরীরা সহজেই ইয়াবায় আসক্ত হয়। এ ছাড়া মধ্যবয়সী নারীরা সুই দিয়ে প্যাথেড্রিন ওষুধ নেওয়ার সময় অনেকেই এতে আসক্ত হয়ে পড়েন। কেউ কেউ ফেনসিডিলও খাচ্ছেন। তবে এ সংখ্যা বেশি নয়। চিকিৎসকরা বলেন, ‘আমাদের কাছে যদি ১০ শতাংশ পুরুষ চিকিৎসা নিতে আসেন। তবে নারী মাদকাসক্তের হার ১ শতাংশ। ’ বিশেষজ্ঞরা নারীদের মাদক গ্রহণের জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে আছে নারীর শরীরের আকার বা ফিগার ঠিক রাখা, রাত জেগে অনলাইন ব্যবহার করা, পড়ালেখা করা ও মোবাইলে কথা বলা। এমনকি পারিবারিক অশান্তি, বিবাহ বা সম্পর্ক বিচ্ছেদের কারণে অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (যশোর) নাজমুল কবীর বলেন, রাত জেগে পড়ালেখা করা এবং মেদহীন শরীরের আশায় অনেক মেয়েশিক্ষার্থী এখন ইয়াবা সেবন করছেন। কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের অনেকেই ইয়াবা বাণিজ্যের সঙ্গে জড়িত। বিশেষ করে ঢাকার সিসা বারগুলোতে নারীরা এখন নিয়মিত সিসার মধ্যে ইয়াবা ও গাঁজা মিশিয়ে তা সেবন করছেন।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর