বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে শাসনের নামে চলছে শিশু নির্যাতন

news-image

নিজস্ব প্রতিবেদক : ববিতা খাতুনের বয়স ১১ বছর। কাজ করতো রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকার মাসুম আলীর বাড়িতে। একদিন বাড়িতে নিজের ইচ্ছায় একটি পিঠা খায় সে। এ অপরাধে তাকে লাঠি দিয়ে বেদম পেটান মাসুমের স্ত্রী কাকন বেগম। মারধরের একপর্যায়ে ববিতা জ্ঞান হারিয়ে ফেলে। গত বছরের ফেব্রুয়ারির এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ কাকন বেগমকে আটকও করেছিল সে সময়।

স্কুলে বাড়ির কাজ করে নিয়ে আসেনি রামিম হাসান ফরহান (৯)। এ জন্য শ্রেণি শিক্ষক তার মাথায় স্কেল দিয়ে জোরে আঘাত করেন। এতে তার মাথায় জখম হয়। রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ের শিমুল মেমোরিয়াল নামের নামি একটি স্কুলে গত বছর এ ঘটনা ঘটে। রামিমের বাবা ফরহাদ মাহমুদ হাসান ওই সময় স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে।

গত ১৫ জানুয়ারি জেলার মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আশফিকুর রহমান পলাশ (১২) ক্লাস চলা অবস্থায় সহকারী শিক্ষক মাসুমা আক্তারকে বড় আপার পরিবর্তে ‘বুড়ি আপা’ বলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকা তাকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। লাঠি ভেঙে যাওয়ার পর ক্ষান্ত হন ওই শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত ফেব্রুয়ারিতে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে পিটি করার সময় হিজাব পরে থাকায় কয়েকজন ছাত্রীকে হিজাব খুলে মারপিট করেন একজন নারী শিক্ষক। এ ব্যাপারে একজন শিক্ষার্থীর অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তারা কাছে লিখিত অভিযোগ করেন। এভাবেই রাজশাহীজুড়ে শাসনের নামে চলছে শিশু নির্যাতন।

সম্প্রতি রাজশাহীর বিভিন্ন উপজেলায় শিশু নির্যাতনের এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো মানবিকতার চরম সীমা লঙ্ঘন করেছে। গত ১৩ ফেব্রুয়ারি পুঠিয়া উপজেলায় মোবাইল ফোনের মেমোরি কার্ড চুরির অপবাদে আরিফুল ইসলাম (১২) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। শিশু আরিফুল উপজেলার তারাপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তারাপুর এলাকায় মহাসড়কের পাশে গাছে বেঁধে আরিফুলকে নির্যাতন করছিলে একই গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরু মোল্লার ছেলে শুভ ইসলাম। এ সময় পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে আরিফুলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২২ ফেব্রুয়ারি সকালে পুঠিয়া উপজেলা সদরে একটি যাত্রীবাহী বাসের সিডি ডিস্ক চুরির অভিযোগে নাজমুল হক (১২) নামে এক শিশুকে ট্রাকের সাথে বেঁধে নির্যাতন করা হয়। শুধু তাই নয়, ওই সময় নাজমুলের মাথা ন্যাড়া করে কালিও মাখিয়ে দেয়া হয়।

এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। এরই মধ্যে ওই শিশুকে নির্যাতনের ঘটনায় আইনগত কি পদক্ষেপ নেয়া হয়েছে তা পুলিশের কাছে জানতে চান হাইকোর্ট। বিষয়টি প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে রাজশাহীর এসপি ও পুঠিয়া থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান গত ২৭ ফেব্রুয়ারি এ আদেশ দেন।

এরপর ঘটনা চলে যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। গত ৮ মার্চ উপজেলার আন্দুয়া গ্রামে ছাগল চুরির অভিযোগে জার্জিস আলী (১৫) ও রতন আলী (১৫) নামে দশম শ্রেণি পড়–য়া দুই স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়। শুধু তাই নয়, দুই স্কুলছাত্রের পরিবারের কাছ থেকে আদায় করা হয় ১৬ হাজার টাকা জরিমানা। এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্র জার্জিসের বাবা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ঝালুকা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেব এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য মির্জা আব্দুল লতিফকে গ্রেপ্তার করে। পরে তারা আদালত থেকে জামিন নেন। পরে এ মামলার আসামি ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডলসহ আরও চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত চেয়ারম্যান মোজাহারের জামিন মঞ্জুর করেন। তবে অন্য তিন আসামিকে কারাগারে পাঠান।

দুর্গাপুরের এই দুই স্কুলছাত্রকে নির্যাতনের দিন রাজশাহীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘শিশু নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা। বিকৃত মানসিকতার মানুষগুলো শিশু নির্যাতন করে। শিশু নির্যাতনকারীদের যেন কঠোর শাস্তি হয়, সে ব্যাপারে পুলিশ কাজ করছে’।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্যাতনে শুধু শিশুর মৃত্যু না হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতনকারীরা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আর এ কারণে রাজশাহী অঞ্চলে থামছেই না শিশু নির্যাতন। আবার দিন বা বছরে আসলে কত শিশু নির্যাতিত হচ্ছে, সে বিষয়ে সরকারি কোনো তথ্যও নেই। শুধু বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে কিছু খণ্ডিত চিত্র পাওয়া যায়।

রাজশাহী অঞ্চলে নারী ও শিশুদের উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করছে লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস)। সংস্থাটি খবরের কাগজ থেকে তথ্য নিয়ে প্রতিমাসে রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে। তাদের প্রতিবেদনে বলা হয়, শুধু গত ফেব্রুয়ারি মাসেই রাজশাহী অঞ্চলে ২৩ জন শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। এ সংখ্যাটি আগের মাসের চেয়ে বেড়েছে।

লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন বলেন, শাস্তিহীনতা শিশু নির্যাতনের বড় কারণ। পাশাপাশি মানুষের অসচেতনতাও আছে। সাম্প্রতিক সময়ে যেসব কায়দায় শিশু নির্যাতন করা হচ্ছে, সেগুলো রীতিমতো আঁতকে উঠার মতো। দিনে দিনে নির্যাতনের ধরণ পাল্টাচ্ছে। তাই এ ব্যাপারে এখনই সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া জরুরী। তা না হলে কঠিন হয়ে পড়বে শিশু নির্যাতন প্রতিরোধ।

এ জাতীয় আরও খবর