বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৬-‌এ আলোচিত খবরে ছিলেন যাঁরা

news-image

২০১৬-‌আপাতত ইতিহাসের গর্ভে। কিন্তু কী পেলাম?‌ কতটা পেলাম?‌ হিসেব-‌নিকেশ এখনও চলছেই।

কিন্তু কারা হয়ে উঠেছিলেন ইডিয়ার কাছে ‘‌গুড কপি’‌?‌ আসুন না একবার চোখ বুলিয়ে নিই.‌.‌.

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের উঠান ছেড়ে কন্যা অনেকদিনই হলিউডমুখী। ‘‌কোয়ান্টিকো’‌ টেলি সিরেজে অ্যাকশন আর অভিনয়ে মাতিয়ে দেয়ার পর প্রাক্তন ‘‌মিস ওয়ার্ল্ড’‌ বিশ্ব চলচ্চিত্রের ভুবণডাঙায় ভারতের উজ্বলতম প্রতিনিধি। ফেলে সা বছরে অবশ্য বিতর্কেও জড়িয়েছেন ‘‌পি সি’‌। বিখ্যাত ট্রাভেল ম্যাগাজিনের প্রচ্ছদে সাদা রঙয়ের স্লিভলেস গেঞ্জি পরে পোজ দিয়ে। বিতর্কের কারন গেঞ্জিতে লেখা তিন শব্দ-‌ ‘‌রিফিউজি’‌, ‘‌ইমিগ্রেন্ট’‌ ও ‘‌আউটসাইডার’‌!‌ সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এহেন গেঞ্জি পরিহিত ছবি পোস্ট হতেই শোরগোল। উদ্বাস্তু, অনাবাসী ও বহিরাগতদের সম্পর্কে প্রিয়াঙ্কা স্পর্শকাতর নন এমনও বলা হয়। আরও আছে। ‘‌ম্যাক্সিম’‌ পরত্রিকায় যে ভঙ্গিতে ছবি তুলেছিলেন তাতেও সুশীল সমাজ ছিছিক্কার করতে ছাড়েনি।
শিল্পা শেঠী
জর্জ ওরওযেলের ‘‌অ্যানিমাল ফার্ম’‌ প্রসঙ্গে প্রাক্তন বলি নায়িকার উপলব্ধি শুনে বিদগ্ধসমাজ হেসেই খুন!‌ এক ইংরেজি দৈনিকে ‘‌বাজিগর’‌ ছবির নায়িকা লিখেছেন, ‘‌ছোটদের জন্তু-‌জানোয়ার সম্পর্কে আরও বেশি করে ভালোবাসতে শেখায় এই নাটক!‌’‌ শিল্পার ‘‌পশুখামার’‌ নিয়ে এহেন অভিমত হয়ে উঠতেই পারে যে কোনও লাফটার শো-‌র হিট আইটেম!‌ ১৯১৭ সালে রুশ বিপ্লবের প্রেক্ষিতে রচিত নাটকটিকে এই পর্যায়ে নামিয়ে আনলেন শিল্পা। সোশ্যাল মিডিয়ায় টিপ্পনী, এরপর তো কোনওদিন ওঁর কাছে ‘‌দ্য হাঙ্গার গেমস’‌ করওযা চৌথ বলে গণ্য হবে!‌ ‘‌ফিফচি শেডস অব গ্রে’‌ হয়ে উঠবে কাচ্চা-‌বাচ্চাদের ড্রইং বই!‌

কপিল শর্মা
‘‌বান্দা মে দম হ্যায়’‌!‌ মানতেই হবে কিন্তু। স্বয়ং প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছিলেন টেলি-‌ অডিয়েন্সের হাসির সম্রাট!‌ মুম্বই পুর নিগমের কথিত দূর্নীতি নিয়ে সরব হওয়ার পরেই বিপত্তি বাড়ল। বলেছিলেন, ‘‌এই তবে অচ্ছে দিন এর নমুনা?‌’‌ দেশের বাণিজ্য নগরীর আদালতে কেস রুজু হয় কপিলের নামে। তিনি নাকি শহরে একটি অবৈধ বাড়ি নির্মানের সঙ্গে যুক্ত ছিলেন। মামলাটি এখনও বিচারাধীন। এছাড়াও ফেলে আসা বছরেই সোনি এন্টারটেইনমেন্টের সঙ্গে পুরনো গাঁটছড়া ভেঙে কালার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কপিল।

ফাওয়াদ খান
ওয়াগার ওপার থেকে এসে যেভাবে বছরের শেষভাগটায় প্রচারের আলো কেড়ে নিলেন ফাওয়াদ ভাবা যায় না!‌ অনেক তাবড় বলি তারকাকেও ঢকে দিয়েছেন ক্যারিশ্মায়। টেলিভিশনের বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করার পর গোটা দেশেই পরিচিত মুখ হয়ে পড়েন এই পাক অভিনেতা। নারীমহলেও ফাওয়াদের আবেদন প্রশ্নাতীত। অনেকেই বলছেন করণ জোহরের ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌ রিলিজের আগে ফাওয়াদকে নিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা যে অসভ্যতাটা করল তা আসলে এই সুদর্শন পাক অভিনেতার জনপ্রিয়তার মাসুল!‌ ওই ছবিতেই ইমরান আব্বাস বা গৌরী শিন্ডের ‘‌ডিয়ার জিন্দেগি’‌ ছবিতেও তো আলি জাফরের মতো পাক অভিনেতারা ছিলেন। কই তখন তো রাজ ঠাকরেরা টুঁ শব্দটি করেননি!‌

স্বামী ওম
‘‌বিগ বস’‌ সিজন টেনের সেই স্বামীজী!‌ যাঁর সম্পর্কে বলা হয়েছিল ‘‌রাখি সাওয়ান্ত অব গডমেন’‌!‌ ‘‌বিগ বস’‌ বাড়ির আরেক বাসিন্দা নভিন প্রকাশ উপাধিটা দিয়েছিলেন!‌ টেলিভিশন শো চলাকালীন স্বামী বাবাজীর কুশ্রী, ইঙ্গিতপূর্ণ সব ভাবভঙ্গি দেখে দর্শকরাও বিরক্ত হয়েছিলেন। একটি টক শো-‌তে স্বামী হঠাৎ করেই এক নারীকে আক্রমণ করে বসেন। সেই ভিডিও চাউর হয়ে পড়তেই বাবাজী সম্পর্কে গোটা দেশে অন্য এক ধারণার জন্ম হয়!‌

ঋত্বিক-‌কঙ্গনা
‘‌কাইটস’‌ ও ‘‌ক্রিশ ৩’‌ ছবি করার সময় থেকে দুজনের অন্তরঙ্গতা বাড়ে। আরও পরে ‘‌ডেটিং’‌!‌ ঠিক কী হয়েছিল দুজনের মধ্যে তা নিয়ে এখনও বলিউডের ফিল্মি ম্যাগাজিনগুলোয় জল্পনার ঢেউ। কঙ্গনা নাকি ‘‌ডুগ্গু’‌-‌কে অভিহিত করেছিলেন ‘‌সিলি-‌ এক্স’‌ নামে!‌ টুইটারে মোক্ষম জবাব দেন হৃতিকও। বলে দেন, কঙ্গনার সঙ্গে কোনওসময়েই তাঁর ঘনিষ্ঠতা ছিল না। সঙ্গে জোরালো ‘‌পাঞ্চ’‌, ‘‌ওর চাইতে পোপের সঙ্গে ডেটিং করাটা অনেক বেশি উপভোগ্য’‌!‌ ফেলে আসা ২০১৬ সালে এই দুই মেগা তারকার বিবাদ হয়ে উঠেছিল গোটা বলিউডের প্রবল চর্চার বিষয়। ‘‌কুইন’‌ চেয়েছিলেন হৃতিকের গ্রেপ্তারি!‌ আর ‘‌ক্রিশ’‌ বলেছিলেন বেশি বাড়াবাড়ি করলে হাটে হাঁড়ি ভেঙে দেবেন!‌ আপাতত যুদ্ধবিরতি। তবে কে বলতে পারে ‘‌হৃতিক-‌কঙ্গনা পার্ট টু’‌ নতুন বছরে নতুন করে ঢেউ তুলবে না?‌

তন্ময় ভাট
আসমুদ্রহিমাচলের কাছে রাতারাতি খলনায়ক বনে গিয়েছিলেন মোটাসোটা চেহেরার এই যুবা। কারনটা কী?‌ একজন নয়, দুজন ‘‌ভারতরত্ন’‌-‌কে অপমান করার স্পর্ধা দেখিয়েছিলেন!‌ শচীন তেন্ডুলকার ও লতা মঙ্গেশকর!‌ সোশ্যাল মিডিয়ায় বলা নেই কওয়া নেই দুম করে পোস্ট করে বসলেন সুরসম্রাজ্ঞী ও মাস্টার ব্লাস্টারের কল্পিত কথোপকথন!‌ নিজেই দুজনের গলা নকল করেছিলেন। প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া। শচীন কি বিরাট কোহলির চেয়ে বড় ব্যাটসম্যান?‌ এই প্রসঙ্গে তন্ময় শতীনের গলা নকল করে লতাকে বেম্ককা বলে বসেন, ‘‌জন স্নো মরেছে। এবার আপনারও মরা উচিত!‌’‌ তন্ময়ের এই ভিডিও ছবি দেখার পর শচীন ও লতা দুজনেই ক্ষুব্ধ হয়েছিলেন। আর দেশ জোড়া তাঁদের ভক্তরা এই কৌতুকাভিনেতাকে বাপ-‌বাপান্ত, শাপ-‌শাপান্ত করে গেছেন নাগাড়ে!‌

নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজ মানেই বলি দর্শকদের কাছে অন্য কিছুর প্রত্যাশা। সব ছবিতেই তিনি দর্শক মনে গভীর দাগ কেটে যান। তবে গত বছরে অসামান্য এই অভিনেতা শিরোনামে এসেছেন অন্য কারনে। মুম্বাইতে যে বহুতল থাকেন সেখানে নওয়াজের এক প্রতিবেশী পুলিসের কাছে জনপ্রিয় এই অভিনেতার নামে অভিযোগ জানান। কেস রুজু হয় ৩৫৪ ধারায়। অভিযোগকারিনীর বক্তব্য, শুধু তাঁকে নয় তাঁর মেয়েরও সম্মানহানি ঘটিয়েছেন নওয়াজ। যে জায়গায় গাড়ি পার্ক করার অনুমতি নেই সেখানেই দিনের পর দিন গাড়ি রাখতেন নওয়াজ। এই নিয়েই বচসা। ঘটনার ছবি তুলে রাখতে গেলে ভদ্রমহিলার মেয়ের দিকেও তেড়ে যান অভিনেতা। আরও আছে। নওয়াজের বউদি এসবের মধ্যেই সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করে দেন উত্তর প্রদেশের বুধনায় গ্রামের বাড়িতে থাকার সময় নওয়াজের দাদা মিনাজউদ্দিন ও ওঁর অন্য ভাইরা মিলে পণের জন্য ভদ্রমহিলার ওপর অত্যাচার করতেন। নওয়াজও নাকি তাতে সঙ্গত দিতেন!‌ এমন খবর প্রকাশ্যে আসার পর স্বভাবতই দারুন অস্বস্তিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সালমান খান!‌
২০১৬ সালের শেষবেলায় এসে যতই ওস্তাদের মার দিন আমির খান আসলে কিন্তু ফেলে আসা বছরেও দিব্যি উঠেছে সালমান ঝড়!‌ ২০১৬ সালের মাঝপর্বে এসে ‘‌সুলতান’‌ মুক্তি পাওয়ার পর ফের গোটা ইন্ড্রাস্ট্রিকে দুলিয়ে দিতে পেরেছিলেন ‘‌ভাইজান’‌!‌ লাফিয়ে লাফিয়ে বেড়েছিল ছবির ব্যবসা। ১০০ কোটি.‌.‌ ২০০ কোটি.‌.‌.‌ এমনকী ৩০০ কোটিরও ঘর ছাড়িয়েছে ‘‌সুলতান’‌ ছবির লাভের অঙ্ক!‌ ছবির শুটিং চলার সময় সালমান বলেছিলেন এত পরিশ্রম করতে হচ্ছে তাঁকে যে নিজেকে নাকি মাঝেমাঝে ধর্ষিতা নারীর মতো লাগছে!‌ ব্যস আর যায় কোথায়!‌ তুমুল প্রতিক্রিয়া দেশ জুড়ে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন বলিউডের বাঙালি গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েও!‌ তাহলে কী দাঁড়াল?‌ সল্লু মিঁয়া ‘‌ব্লকবাস্টারেও’‌ রয়েছেন আবার সীমাহীন বিতর্কেও!‌

সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর