বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪-০ ব্যবধানে সিরিজ জিতে প্রতিশোধ নিল ভারত

india4-0englandbgস্পোর্টস ডেস্ক : চার বছর আগে একটা গল্প লেখা শুরু হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে ভারতীয় দলের লজ্জাজনক পারফরম্যান্সের তীব্র সমালোচনা হয়েছিল গণমাধ্যমে। প্রশ্ন উঠেছিল দলের নেতৃত্ব নিয়েও। মঙ্গলবার সেই সমালোচনার যোগ্য জবাব দিল বিরাটবাহিনী। চার বছর আগে শুরু হওয়া সেই গল্পের বৃত্ত সম্পূর্ণ হল। ৪-০ ব্যবধানে সিরিজ জিতে প্রতিশোধ নিল ভারত।

বিরাট কোহলির নেতৃত্বের বিরুদ্ধে প্রথমবার বাইশ গজে নামা কুকবাহিনী এই সিরিজের কথা সহজে ভুলতে পারবে না। কারণ মোহালি থেকে রাজকোট, ভাইজ্যাগ থেকে চেন্নাই ভারতীয় ক্রিকেটারদের একের পর এক ইতিহাসের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। কোথাও অশ্বিনের স্পিন ঝড়ে তৈরি হল নয়া রেকর্ড তো কখনও করুণ নায়ারের ট্রিপল সেঞ্চুরিতে হতবাক হয়ে গেলেন ব্রড, বেন স্টোকসরা। আর সর্বোপরি একজন নেতার অভ্যুত্থানের সাক্ষী থাকলেন ক্রিকেটভক্তরা। যিনি রূপকথার পাতা থেকে বাস্তবের মাটিতে নেমে এসেছেন। যিনি তাঁর জাদুকাঠি ছোঁয়ালেই সবকিছু সোনায় পরিণত হয়। যিনি শুধু চ্যালেঞ্জ নিতেই ভালবাসেন না, তাকে বাস্তবে পরিণত করে তবেই থামেন। তিনি বিরাট কোহলি। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একাধারে বিরাট রানের মালিক হয়ে সিরিজ সেরা হলেন। আর অন্যদিকে মধুর প্রতিশোধ নিয়ে নেতা হিসেবে নিজের যোগ্যতা ফের প্রমাণ করে দিলেন। আর পরাজিত সৈনিকের মতো ভারত থেকে শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে কুক অ্যান্ড কোম্পানিকে।

দলের সবাই মিলে পারফর্ম করলে হয়তো এমনটাই হয়। উল্টোদিকে যতই বড় প্রতিপক্ষ হোক না কেন তখন কেউই বাধা হয়ে দাঁড়াতে পারে না। ভারতের ক্ষেত্রেও তেমনটাই হল। সিরিজের শেষ টেস্ট ম্যাচ লেখা থাকল তিনজনের নামে। লোকেশ রাহুল, করুণ নায়ার ও রবীন্দ্র জাদেজা। লোকেশ রাহুল এক রানের জন্য ডবল সেঞ্চুরি না পেলেও ভারতীয় ইনিংসের ভীত তৈরি করে দিয়ে গিয়েছেন তিনিই। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন পার্থিব পটেল। এর পর করুণ নায়ার যেটা করলেন সেটা ইতিহাস। তাঁর ইনিংস এই মাত্রায় পৌঁছে দিতে উল্টো প্রান্তে ব্যাট হাতে সঙ্গত দিয়ে গেলেন অশ্বিন ও জাদেজা। আর শেষটা করলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন আরও সাত। সঙ্গে ব্যাট হাতে ঝকঝকে ৫১ রানের ইনিংস। টানা ১৮ টেস্ট জিতে ইতিহাসও তৈরি করে ফেলল ভারত।

চেন্নাই টেস্ট ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। ভারতীয় দলের কাছে জয়টা ছিল সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। কারণ পাঁচ ম্যাচের সিরিজ আগেই ৩-০তে জিতে নিয়েছেন বিরাট কোহালিরা। তবুও হাল ছাড়েনি ভারত। প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। টস জিতে ব্যাটিং নিয়ে শেষ টেস্টে জয়ের স্বপ্নই দেখেছিল কুকবাহিনী। কিন্তু সেই স্বপ্ন ধাক্কা খেল প্রথম ইনিংসেই ভারতীয় বোলারদের হাতে। ক্যাচ ফেলে মইন আলিকে সেঞ্চুরি করার সুযোগ করে দিয়েছিল ভারতীয় ফিল্ডাররা ঠিকই কিন্তু ৪৭৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডওসন ও রশিদ একটা চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু জাদেজা, উমেশদের বলের দাপটে সেই ৫০০ রান পেড়িয়ে যেতে পারেনি ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতের ওপেনাররা। এক ওপেনার লোকেশ রাহুল সবাইকে হতাশ করে নিজেও ভেঙে পড়েছিলেন জীবনের প্রথম ডবল সেঞ্চুরি মিস করে। ১৯৯ রানে আউট হয়ে পিচেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। ওপেন করতে নেমে পার্থিব পটেলও দারুণ সঙ্গত দিয়ে গেলেন লোকেশকে। তাঁর ব্যাট থেকে এসেছিল গুরুত্বপূর্ণ ৭১ রান। তিন ও চারে ব্যাট করতে নেমে ১৬ ও ১৪ রানে প্যাভেলিয়নে ফিরে যান পূজারা ও কোহলি। তার পর লোকেশ রাহুলের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন করুণ নায়ার। তাঁকে অবশ্য সেষ পর্যন্ত থামানো যায়নি। বাধ্য হয়েই ইনিংস ঘোষণা করে দেন বিরাট কোহলি। ততক্ষণে অবশ্য ৩০৩ রানের ইনিংস খেলে ফেলেছেন নবাগত এই টেস্টে প্লেয়ার। লোকেশ রাহুল আউট হওয়ার পর করুণ নায়ারকে সঙ্গ দিয়ে যান কখনও অশ্বিন (৬৭) আবার কখনও জাদেজা (৫১)। যার ফলে ভারতের ইনিংস পৌঁছে যায় ৭৫৯/৭এ।

জবাবে ব্যাট করতে নেমে ২০৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান জেনিংসের ৫৪। কুক আউট হন ৪৯ রানে। মইন আলির সংগ্রহ ৪৪। এর পর আর কাউকেই দাঁড়াতে দেয়নি ভারতীয় বোলিং। বিশেষ করে বল হাতে একাই ইংল্যান্ড ইনিংসকে শেষ করে দিলেন জাদেজা। বাকি তিনটি উইকেট নেন উমেশ যাদব, অমিত মিশ্রা ও ইশান্ত শর্মা।

স্কোর কার্ড:

ইংল্যান্ড: ৪৭৭ ও ২০৭

ভারত: ৭৫৯/৭ (ডিক্লেয়ার)

এক ইনিংস এবং ৭৫ রানে জয়ী ভারত

৪-০-য় সিরিজ জয়ী ভারত

ম্যাচের সেরা করুণ নায়ার

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু