,

‘রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ আপাতত নয়’

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া টাকা ফেরত পাওয়ার স্বার্থে ড. মো. ফরাসউদ্দিনের প্রদত্ত প্রতিবেদন আপাতত প্রকাশ হচ্ছে না।তবে টাকা ফেরত আসার পরেই এ প্রতিবেদন অবশ্যই প্রকাশ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

abul_mal1474447784

বৃহস্পতিবার এ প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কথা ছিল। তবে আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘অনেকটা কৌশলগত কারণে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বেঁধে দিলেও তা প্রকাশ করা হচ্ছে না। পাইপলাইনে ৮০ কোটি ডলার ফেরত আসার চেষ্টা চলছে। আশা করছি, দুই-তিনমাসের মধ্যেই আমরা পুরো টাকা পেয়ে যাব। তা ছাড়া যে টাকা সে দেশের ক্যাসিনোতো গেছে তাও আমরা ফেরত আনার চেষ্টা করছি।’

অর্থমন্ত্রী জানান, ‘এ মুহূর্তে আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর টাকা যেহেতু ফেরত আসছে এবং ফিলিপাইনের আদালতে বাংলাদেশের করা মামলার রায় যেহেতু আমাদের অনুকূলে আসছে, তাই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ মুহূর্তে প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ করেছেন। তাই আমরা এখনই প্রকাশ করছি না।’

তিনি বলেন, সোমবার অ্যাটর্নি জেনারেল আমার সঙ্গে দেখা করে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা বিষয়ে যে যুক্তি দেখিয়েছিলেন তাতে আমি কনভিন্সড। তখনই আমি বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত নেই। আজ যুক্তরাষ্ট্র থেকে আবার আইনমন্ত্রী ফোন করে একই কথা বলেছেন।

মুহিত বলেন, চুরি হওয়া টাকা ফেরত পাওয়া যাবে এমন আশা আমি বাদই দিয়েছিলাম। কিন্তু বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে এখন ফেরত পাওয়ার বিষয়ে আশার আলো দেখছি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের তরফ থেকে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফিলিপাইনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন, বাংলাদেশের পাওনা টাকা ফেরত না দিয়ে তিনি বাংলাদেশে আসবেন না।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক শুরুতেই আটকে দিলেও পরে তা ফেরত দেয়। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার কয়েকটি হিসাব থেকে চলে যায় দেশটির ক্যাসিনোতে। ফিলিপাইনের বিভিন্ন সংস্থা চুরি যাওয়া অর্থের কিছু অংশ নানাভাবে উদ্ধার করে। উদ্ধার হওয়া সেই অর্থের মধ্য থেকে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত পেতে ফিলিপাইনের আদালতে বাংলাদেশের একটি আবেদন বিচারাধীন ছিল। বাংলাদেশের হয়ে আবেদনটি করে ফিলিপাইনের অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিল (এএমএলসি) ও ডিপার্টমেন্ট অব জাস্টিস।

এ ঘটনায় গত ১৫ মার্চ সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ২০ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে অন্তবর্তীকালীন প্রতিবেদন এবং ৩০মে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়।

প্রতিবেদন হাতে পাওয়ার পর একাধিকবার প্রকাশের সময় দিয়েও শেষ পর্যন্ত নানা ব্যস্ততার কারণে তা প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় ঘোষণা করেছিলেন। সে সময় আবার পেছাল।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যৌক্তিক কারণেই তারিখ পরিবর্তন করতে হচ্ছে। আমাদের অর্থ ফেরত আনতে হবে। এ জন্য দুই-তিনমাস সময় লাগতে পারে। এরপরই প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে