ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩
অনলাইন ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা এ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন খুলনা বিভাগের। অন্য দুজনের একজন চট্টগ্রাম এবং অপরজন রাজশাহী বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যান দুজন। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরের প্রথম ১১ দিনে প্রাণ হারিয়েছেন আরও ৫৪ জন।
হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রেও নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২ হাজার ১৯৩ জনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৫০ জন করে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন আরও ৫৩০ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৯৩ জন, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪, ময়মনসিংহে ৭০ এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর এক দিনে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ পরিসংখ্যানে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৮০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।











