বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক :একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা থানার রেজাউল করিমসহ আট রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

tribunal_51147
এর আগে গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রবিবার দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। তিনি জানান, ময়মনসিংহের এই আট রাজাকারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ আটটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আমলে নেয়া হবে কি না এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আবুল কালাম আজাদ জানান, এই মামলার আট আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- রেজাউল করিম, এ বি এম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক।

বাকি চার আসামি মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান পলাতক রয়েছেন।