,

৪০ টাকা বাঁচাতে যুবলীগ নেতার ৫০০০ টাকা মুচলেকা

17নিউজ ডেস্ক : গুলশান থেকে বনানীর-২ নম্বর সড়কের মাথা পর্যন্ত ৪০ টাকায় রিকশা ভাড়া করেন বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরদার সোহেল। গন্তব্যে পৌঁছে ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে চলে যাচ্ছিলেন। রিকশাচালক ভাড়া চাওয়ায় প্রথম চড়-থাপ্পড় এবং পরে পায়ে গুলি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এই নেতা। অবশ্য গুলি করে পার পাননি তিনি। পুলিশের হাতে ধরা পড়ে আদালতে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি।

ঢাকার মহানগর হাকিম গোলাম নবী আজ শনিবার জামিনের এই আদেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া বলেন, মামলার বাদী রিকশাচালক কবির হোসেন আদালতে উপস্থিত হয়ে বলেছেন, আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই। পরে আদালত আসামিকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে সোহেল রিকশাচালক কবিরকে গুলি করেন। কবির ভাড়া বাবদ ৪০ টাকা চাওয়ায় সোহেল তাঁকে গুলি করেন বলে এজাহারে উল্লেখ আছে।

আজ বনানী থানা-পুলিশ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামির নাম-ঠিকানা যাচাই করা এবং গুলি করার রহস্য উদ্‌ঘাটনের জন্য রিমান্ড চায় পুলিশ। তবে পুলিশের রিমান্ড আবেদন বাতিল চেয়ে আসামিপক্ষ জামিন চায়। শুনানি শেষে আদালত ইউসুফ সোহেলের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, কবির হোসেনকে গুলি করার ঘটনায় ইউসুফ সরদার সোহেলকে লাইসেন্স করা পিস্তলসহ গ্রেপ্তার করে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া সোহেল গত বৃহস্পতিবার রাতে মহাখালীর আমতলী মোড়ে বনানী ২ নম্বর সড়কের মাথায় কবির হোসেনের পায়ে গুলি করেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গুলশান থেকে সোহেল ও তাঁর এক সহযোগী রিকশা নিয়ে বনানীর ২ নম্বর রোডের মাথায় (আমতলী মোড়) আসেন। তাঁরা ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করেন। চালক ভাড়া চাইলে তাঁরা প্রথমে তাঁকে চড়-থাপ্পড় মারেন। পরে চালকের পায়ে গুলি করে চলে যান।

বনানী থানার পরিদর্শক বলেন, ওই রাতেই সোহেল বনানী থানায় এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানান। আত্মরক্ষার্থে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ছিনতাইকারীকে গুলি করেছেন জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে চান।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান বলেন, সোহেল তাঁদের সংগঠনের নেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল