কসবায় রাস্তায় কুড়ানো টাকা ফেরত পেলেন প্রকৃত মালিক
কসবা উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তায় কুড়ানো এক লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের এক শিক্ষক। সেই টাকা একদিন পর উপজেলা প্রশাসনের কাছ থেকে গ্রহণ করেছেন গ্রামের এক সহজ সরল বৃদ্ধ। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে; কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উৎপল কুমার শিব গত বুধবার বিকেলে কসবা পৌর শহরের পুরাতন বাজার পৌর মুক্ত মঞ্চের সামনে একহাজর টাকা নোটের একটি বান্ডেল দেখতে পায়। গুণে পায় এক লাখ টাকা। আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে কেউ টাকার সুনির্দিষ্ট প্রমাণ দিতে না পারায় টাকাগুলি কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের কাছে জমা দেন। গত বুধবার সন্ধায় ইউএনও টাকা পাওয়ার বিষয়টি পৌর এলাকায় মাইকিং করে দেন।
আত্মীয়ের মাধ্যমে মাইকিং এর খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বৃদ্ধ আবুল কাশেম মিয়া (৬০) টাকা হারানোর বিষয়টি নিশ্চিত করেন এবং হারানো এক লাখ টাকা ইউএনওর কাছ থেকে গ্রহণ করেছেন।
আবুল কাশেম বলেন; তিনি গত বুধবার বিকেলে কসবায় তাঁর এক আত্মীয়ের জমি বিক্রি করে তিন লাখ টাকা নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পরণের লুঙ্গির থলিতে তিনি টাকাগুলি রেখেছিলেন। সেখান থেকে একটি এক লাখ টাকার বান্ডেল হারিয়ে ফেলেন। অনেক খোজাখঁজি করেও টাকার সন্ধান মিলেনি। কসবার এক আতœীয়ের মাধ্যমে টাকা পাওয়ার খবর পেয়ে তিনি এসে টাকা গ্রহণ করেন। তিনি শিক্ষক উৎপল কুমার শিব ও নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; একজন শিক্ষক সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাস্তায় এক লাখ টাকা পেয়ে আমার কাছে জমা করেছেন। মাইকিং করার কারণে টাকার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।











