শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনতার বিক্ষোভে পুলিশের গুলি, তিনজন নিহত

news-image

মায়ের সামনে ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার চাইতে গিয়ে পুলিশের গুলিতে লাশ হয়েছেন তিনজন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কালিহাতীর কুষ্টিয়া গ্রামের ফারুক হোসেন (৩০), ঘাটাইল উপজেলার সালেঙ্কা গ্রামের শামীম হোসেন (৩১) ও শ্যামল পাল (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অভিযুক্তদের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে টিয়ার শেল ও পরে গুলি  ছোড়ে। এতে অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ফারুক ও শামীম মারা যান। আহত অন্যদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে শ্যামল পাল পথেই মারা যান। অবশ্য তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার মতো পরিবারের কাউকে পাওয়া যায়নি।   

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিহাতীর সাতুটিয়া গ্রামে মায়ের সামনে ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রোমা ও তাঁর ভগ্নিপতি হাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিকেল ৪টার দিকে এলাকাবাসী মিছিল বের করে। কালিহাতী ও ঘাটাইল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। সেখান থেকে ৫টার দিকে মূল মিছিল শুরু হলে পুলিশ তাতে বাধা দেয়। তখন মিছিলকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মিছিলটি থানার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আবার বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এলাকাবাসীর পক্ষ থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উত্তেজিত জনতা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। লাঠিপেটাও করে। লাঠিপেটা ও গুলিতে অর্ধশতাধিক বিক্ষোভকারী আহত হয়।  ঘটনার প্রত্যক্ষদর্শী কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার আকবর হোসেন জানান, এলাকাবাসী শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি করেছে। নির্যাতনকারীদের পক্ষ নিয়েই পুলিশ এ কাজ করেছে। অনেক গুলি করেছে তারা। আরেক প্রত্যক্ষদর্শী কালিহাতী পৌর এলাকার আলী হোসেন জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অযথা বাধা দিয়েছে। বাধা না দিলে এ রকম ঘটনা ঘটত না।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান, আহত অবস্থায় ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ফারুক হোসেন নামের একজন মারা যান। তাঁর শরীরে গুলির ক্ষত ছিল। গুরুতর আহত অন্যদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফ আলী বলেন, ‘চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। শামীম হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বের করার পরই তাঁর মৃত্যু হয়। বাকি তিনজনের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। একজন এখনো এ হাসপাতালে চিকিৎসাধীন।’ গত রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় শামীমের লাশ হাসপাতালের মর্গেই ছিল। তবে ফারুকের লাশ স্বজনরা নিয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে ডা. বেলায়েত হোসেন দাবি করেন, ‘আমরা আহতদের চিকিৎসায় ব্যস্ত ছিলাম। হাসপাতালে প্রচণ্ড ভিড় ছিল। কোন ফাঁকে স্বজনরা ফারুকের লাশ নিয়ে গেছে বুঝতেই পারিনি। আমরা বাধা দেওয়ার সুযোগই পাইনি।’

এদিকে বিকেলের দিকে এ ঘটনার পর উত্তেজিত জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে গত রাত ৮টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কালিহাতী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার হামিদপুরে চরম আতঙ্ক বিরাজ করছে। বিকেল থেকেই দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার গতকালবলেন, ‘মায়ের সামনে ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই উপজেলার কয়েক গ্রামের মানুষ মিছিল করে। বাসস্ট্যান্ডে এলে পুলিশ বাধা দেয়। জনগণও পুলিশকে আক্রমণ করে। দুজন মারা গেছে। কয়েকজন আহতও হয়েছে। নির্যাতনের ঘটনায় জড়িতদের চূড়ান্ত শাস্তি চাই আমরা।’ তবে গুলির বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে কালিহাতী থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) জমির উদ্দিনকে ফোন করা হলে তিনিও ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি একজনের মৃত্যুর কথা স্বীকার করেন। তবে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে কি না এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে রফিকুল ইসলাম রোমার তৃতীয় স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রামের এক যুবকের কথিত প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে ওই যুবকের সঙ্গে রোমার স্ত্রী চলে যান। পরে পারিবারিক বৈঠকের মাধ্যমে স্ত্রীকে রোমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে রোমার স্ত্রী আবার ওই যুবকের কাছে চলে যান। গত মঙ্গলবার রোমাকে বিষয়টি জানানো হলে তিনি তাঁর ভগ্নিপতি হাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে স্ত্রীকে আনতে আঠারদানা গ্রামে ওই যুবকের বাড়ি যান। তখন আলোচনার কথা বলে স্ত্রীসহ ওই যুবককে এবং তাঁর মাকে সাতুটিয়ায় নিজ বাড়িতে নিয়ে আসেন রোমা ও হাফিজুর। বাড়িতে এনে তাঁরা ওই যুবককে মারধর করেন। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে ছবি তোলা হয়। যুবকের মুখ দিয়ে রক্ত পড়তে দেখে তাঁর মা এগিয়ে যান। রোমা তাঁকেও মারধর করেন। একপর্যায়ে মা-ছেলে চিৎকার শুরু করলে তাঁদের একটি ঘরে তালাবদ্ধ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় মা ও ছেলেকে উদ্ধার করে। ওই দিনই তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই যুবকের বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। পুলিশ ঘটনার দিনই রোমাকে এবং পরের দিন হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।   

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন