বিদ্রোহী ঠেকাতে তৎপর আ’লীগ-বিএনপি
রোববার শেষ হচ্ছে পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের বেঁধে দেয়া সময়সীমা। তাই বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে শেষ মুহূর্তে ক্ষিপ্ত প্রচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ বিএনপি উভয়ই।
আগামী ৩০ ডিসেম্বরে ২৩৫ পৌরসভায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রায় ২৫ জন এবং বিএনপির কমপক্ষে ২৬ জন বিদ্রোহী মেয়র প্রার্থী রয়েছে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রকৃতপক্ষে ৫২জন বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু দলের উচ্চপর্যায় থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়ায় প্রায় অর্ধেকের কাছাকাছি বিদ্রোহী প্রার্থী হয় তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন অথবা করবেন।
যদিও কিছু প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দল থেকে পদত্যাগ করেছেন।
রোববারের পর দল মনোনীত প্রার্থীদের সমর্থন দিতে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য আওয়ামী লীগ তাদের বিদ্রোহীদের বোঝাতে চেষ্টা করবেন।
এরপরেও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বলছেন, তারা মনোনয়ন প্রত্যাহার করবেন না। কারণ তারা দল মনোনীত প্রার্থীদের চেয়ে অধিক জনপ্রিয়।
পাবনার সুজানগর পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসাইন ডেইলি স্টারকে বলেন, গত ২০১১ সালের পৌরসভা নির্বাচনে একই ধরনের ঘটনা ঘটেছিল। দল আমাকে সমর্থন করেনি। কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি। আমি আশা করি পুনরায় তাই ঘটবে।
নীলফামারীর জলঢাকা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ইলিয়াস হোসাইন বাবলু দাবি করেন, প্রার্থিতা প্রত্যাহারে তাকে দল থেকে চাপ দেয়া হচ্ছে।
তিনি বলেন, আমি নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কারণ জনগণ আমার সঙ্গে আছেন। বিজয়ী হয়ে আমি দেখাতে চায়, দলের বাছাই ভুল ছিল।
পাবনার সদর, চাটমহর ও সুজানগর পৌরসভা, কুষ্টিয়ার খোকশা পৌরসভা, নরসিংদী সদর, বরিশালের মুলাদি, রংপুরের বদরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জসহ বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগ কঠিন বিদ্রোহী প্রার্থীর সম্মুখিন।
চাঁপাইনবাবগঞ্জ সদর, নরসিংদীর মাধবদী ও মনোহরদী, চট্রগ্রামের রাঙ্গুনিয়া ও পোটিয়া, হবিগঞ্জ সদর, বরগুনার বেতাগি, কিশোরগঞ্জের হোসেনপুর, টাঙ্গাইল সদর ও দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে।
যদিও দলটি এখনও আশা করছে তাদের বিদ্রোহী প্রার্থীরা রোববারের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবে।
বিএনপির এক যুগ্ম মহাসচিব মোহাম্মাদ শাজাহান বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এ পর্যন্ত ২০ বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করতে সম্মত হয়েছে।
এদিকে আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন অনুযায়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ, মুলাদি ও বানারিপাড়া, ঝিনাইদাহের কোটচাঁদপুর ও মহেশপুর এবং ঢাকার সাভারসহ বেশ কিছু পৌরসভায় নিবাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকরা বাধার সম্মুখিন হচ্ছেন। দলটির নেতারা দাবি করেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় বিএনপি প্রার্থীরা পুলিশের ভয়ে প্রচারণা চালাতে পারছেন না। কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে ক্ষমতাসীন দলের চাপের মুখে লুকিয়ে রয়েছে।
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে অভিযোগ করেন, সরকার পৌরসভা নির্বাচনে সম্ভাব্য ভরাডুবির আশঙ্কায় নিপীড়নমূলক কার্যক্রমের আশ্রয় নিয়েছে।
এদিকে আমাদের মৌলভিবাজার প্রতিনিধি জানিয়েছেন, হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপি নেতা জি কে গাউসের প্রার্থিতার বৈধতা দিয়েছে নির্বাচন অফিস। গাউস বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যায় অভিযুক্ত। সোমবার নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে।











