,

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

news-image

ক্লাবগুলোর হাতে টাকা নেই। প্রিমিয়ার লিগের ১২ প্রতিযোগী দলের কারো হাতেই সে অর্থে পয়সা নেই। এবার মানে ২০২৭ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ‘বিগ বাজেটের’ দল গড়ার সম্ভাবনা খুব কম।

ক্লাব পাড়ায় হাঁটলেই শোনা যাচ্ছে এ খবর। কিন্তু বিপরীতমুখী তথ্যও আছে। ক্রিকেটাররা আবার ‘হাই ডিমান্ড’ করছেন। তাদের বড় অংশ এবার অন্য যে কোনো সময়ের চেয়ে চড়া মূল্য হাঁকাচ্ছেন।

জাগো নিউজের পাঠকরাও আগেই জেনে গেছেন ‘এ+’ ক্যাটাগরির অন্তত ৫-৬ জন জাতীয় ক্রিকেটার এবার ৭০-৮০ লাখ থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। জাতীয় দলের প্রতিষ্ঠিত ক্রিকেটারদের বড় অংশেরও ডিমান্ড ৫০ থেকে ৬০ লাখ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্রিকেটারদের এই চড়া মূল্য দিতে রাজি নয় ক্লাবগুলো। এবং ক্লাব কর্তাদের মুখ থেকে ক্রিকেটাররাও তা জেনে গেছেন। বেশ কজন ক্রিকেটার বিভিন্ন ক্লাবের কাছে বিরাট অংকের পারিশ্রমিক দাবি করার পরপরই ক্লাবগুলো তাদের আর্থিক অবস্থা জানিয়ে দিয়েছে ক্রিকেটারদের।

মোদ্দা কথা, ক্রিকেটারদের বাড়তি পারিশ্রমিক পরিশোধে ক্লাবগুলোর অনীহার খবর, এখন চাওর হয়ে গেছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘কোয়াব।’ কোয়াব প্রধান মোহাম্মদ মিঠুনসহ কোয়াব কর্তারা পরিস্থিতিটা ক্রিকেটারদের বোঝানোর উদ্যোগ নিয়েছে। তারই ফলশ্রুতিতে আজ ১৯ সেপ্টেম্বর দুপুরে কোয়াব অফিসকক্ষে কোয়াবের উদ্যোগে সিনিয়র ক্রিকেটারদের সাথে এক অনানুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠিত হয়ে গেল।

সেখানে কোয়াব নেতৃবৃন্দ ক্রিকেটারদের সাথে খোলাখুলি ক্লাবগুলোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জাগো নিউজকে জানান, ‘আমরা আজ দুপুরে ক্রিকেটারদের সাথে বসেছিলাম। দলবদলের আগে বর্তমান পরিস্থিতি কী? ক্লাবগুলোর অর্থনৈতিক অবস্থা আগের মত নেই। বেশ কয়েকটি ক্লাব রীতিমত দুর্বল অর্থনৈতিক ভিত্তের ওপর দাঁড়িয়ে। তাই বাড়তি পারিশ্রমিক দেয়ার মত অবস্থা নেই কারো। আমরা ক্রিকেটারদের বাস্তব অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। বাস্তব অবস্থা হলো এবার মানে প্রিমিয়ার লিগকে সামনে রেখে কোন ক্লাবেরই অর্থনৈতিক অবস্থা ভালো না। তাই ক্লাবের কাছে চড়া মূল্য না হাঁকিয়ে পরিবেশ-পরিস্থিতি ঠাওরে তারপর নিজের ডিমান্ড জানানোর কথা বলেছি।’

এমন পরিস্থিতিতে আপনাদের মানে কোয়াবের পরিকল্পনা কি? ক্রিকেটাররাই বা কী করতে চান? মিঠুনের জবাব, ‘আমরা ক্রিকেটারদের বলে দিয়েছি, এবারের যা অবস্থা, তাতে সম্ভবত অন্যবারের মত ওপেন দলবদল হবে না। আগামী ২০২৭ সালের দলবদল হবে ‘প্লেয়ার্স বাই চয়েজে’। পরিস্থিতি যা তাতে কোনো বিকল্প পথ নেই।’

অর্থাৎ ক্রিকেটারদের ক্যাটাগরি ভেদে মূল্য নির্ধারণ করা হবে। একদম শীর্ষ তারকাদের রাখা হবে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। তারপর ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হবে। ক্লাবগুলো নিজেদের পছন্দমত ক্রিকেটারদের নিতে পারবেন।

এদিকে ‘প্লেয়ার্স বাই চয়েজে’ না আবার ক্রিকেটারদের পারিশ্রমিক বেশি কমে যায়! এমন শঙ্কাও কিন্তু আছে। সে চিন্তা থেকেই কোয়াব চাচ্ছে ক্যাটাগরি ভেদে পারিশ্রমিক নির্ধারিত হলেও যাতে একটা গ্রহণযোগ্য পারিশ্রমিক মূল্য নির্ধারিত হয়। ক্রিকেটাররা যাতে চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই চিন্তায় কোয়াব খুব শীঘ্রই বিসিবি, সিসিডিএম আর প্রিমিয়ারের ১২ ক্লাবের এক যৌথ বৈঠকের আহ্বান করেছে।

আজ কোয়াব নেতৃবৃন্দ আর ক্রিকেটারদের মধ্যে আলোচনা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে বিষয়টি জানাবেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। জাগো নিউজকে মিঠুন বলেন, ‘আমরা আমাদের কথা-বার্তাটুকু বিসিবি প্রধানসহ বিসিবি কর্মকর্তাদের জানাবো। তারপর বিসিবি সিসিডিএমের মাধ্যমে ক্লাবগুলোর সাথে আমাদের (কোয়াব) সাথে একটা যৌথ সভার আয়োজন করবে। সেখানেই ক্যাটাগরি ভেদে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হবে।’

জানা গেছে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ লাখ টাকা পারিশ্রমিক থাকবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে ৩৫ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ২০-২৫ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ১৫-২০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারিত হতে পারে।

শেষ কথা হলো ক্রিকেটাররা একটা গ্রহণযোগ্য ও সম্মানজনক পারিশ্রমিকের প্রত্যাশায়। এখন দেখা যাক, বিসিবি, সিসিডিএম আর ক্লাবগুলোর যৌথ সভায় কী সিদ্ধান্ত আসে।

ধারণা করা যাচ্ছে, ক্লাবগুলোকে বিসিবি প্রতি বছর যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়, এবার তা অন্তত তিন ভাগের এক ভাগ বাড়ানোর প্রস্তাব আসতে পারে।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন