নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনীতিতে নতুন করে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোট সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
নতুন পার্লামেন্টের ৬৭ জন সদস্য আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই রাজনৈতিক পরিস্থিতি নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ক্ষমতা হারালে তাঁর রাজনৈতিক অবস্থানের পাশাপাশি চলমান দুর্নীতির মামলাগুলোও নতুন করে আলোচনায় আসতে পারে।
আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ইতোমধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাসহ কয়েকটি উদ্যোগের কথা জানিয়েছে।
এদিকে ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর পরিকল্পনায় বিভিন্ন ডানপন্থী ও ধর্মীয় দলকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রী পদ ছাড়ার কিংবা মেয়াদ ভাগাভাগি করার বিষয়ে তিনি আগ্রহী নন।
অন্যদিকে আইজেনকোট নেতানিয়াহুর এ প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। যদিও দুই দলের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি রয়েছে।
নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলের আরেকটি দিক হিসেবে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধিতা সামনে এসেছে। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে তিনি রা’আম ও জয়েন্ট লিস্টকে সন্ত্রাসবাদের সমর্থক বলে মন্তব্য করেন। এসব দলের সমর্থনে সরকার গঠনের বিরুদ্ধেও অবস্থান নেন তিনি।
তবে আইজেনকোটের সামনে সরকার গঠনের পথও বেশ জটিল। নির্বাচনী প্রচারে তিনি নেতানিয়াহু ও অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে আরব দলগুলোর সঙ্গে জোট না করার অবস্থানও জানিয়েছিলেন। বর্তমান আসনবিন্যাসে এসব প্রতিশ্রুতি বজায় রেখে সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হয়ে পড়েছে।
সরকার গঠনে আইজেনকোটের সামনে কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে।
প্রথমত, অতি-রক্ষণশীল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের ১৩টি আসনের সমর্থন নিয়ে সরকার গঠন। তাঁর নেতৃত্বাধীন জোটের ৪৮ আসনের সঙ্গে এ দুটি দলের আসন যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ৬১। তবে এসব দলের অন্যতম দাবি হলো, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়া। আইজেনকোট এ বিষয়ে ছাড় দিতে আগ্রহী নন।
দ্বিতীয়ত, আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন। তবে এ পরিকল্পনায় বিরোধী জোটের কয়েকজন নেতার আপত্তি রয়েছে। বিশেষ করে আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করছেন।
তৃতীয়ত, নেতানিয়াহুকে বাদ দিয়ে তাঁর দল লিকুদের কিছু সদস্যকে নিয়ে নতুন জোট গঠন। তবে এখন পর্যন্ত লিকুদ পার্টির কোনো আইনপ্রণেতা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেননি।
এদিকে নেতানিয়াহুর সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও আলোচনা চলছে। তবে তাঁকে সরকারে রেখে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব বিরোধী শিবিরে মতবিরোধ তৈরি করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর জন্য বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে আরব দলগুলোর সমর্থন, সামরিক বাহিনীতে নিয়োগ এবং মন্ত্রিত্ব বণ্টনের মতো বিষয়গুলোতে মতবিরোধ তৈরি হলে আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন সামরিক উত্তেজনার সম্ভাবনাও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের আশঙ্কা, নতুন করে যুদ্ধ শুরু হলে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জোরালো হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এক নয়।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ইসরায়েলে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারও সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হলে দেশটিতে আবারও আগাম নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে ইসরায়েলের রাজনীতিতে এখন প্রধান আলোচ্য বিষয়—আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে পারবেন কি না এবং নেতানিয়াহু শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারেন কি না।











