সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না।
রিটের আবেদনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সূচি ঘোষণা করা হয়েছিল। বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে হাইকোর্টের নির্দেশনার কারণে এইচএসসির পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে এসব ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।











