নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিতাস নদী থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ছয়টি ঘের/দলকাটা উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।
পরে জব্দ করা রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও আনসার সদস্যরা।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











