শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি
অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুরুজ্জামান সামির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে তার পরিবার। চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছে শিশুটি।
সোমবার (২ নভেম্বর) সকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে সামির মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত সাভারের নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথায় তিনটি সেলাই দেন।
সামি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনশাইল এলাকায়।
আহত হওয়ার পর সামির স্কুলের পরিচয়পত্র ও ইউনিফর্ম পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি ব্যবহার করে তার মৃত্যুর খবর প্রচার করা হলে এলাকায় বিভ্রান্তি তৈরি হয়।
বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্বপন কুমার জানান, বেলা ১১টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় ইটের আঘাতে সামি আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
সামির বাবা ইউসুফ রানা বলেন, শ্রমিকদের আন্দোলনের সময় ছোড়া ইটের আঘাতে তাঁর ছেলের মাথা ফেটে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তিনটি সেলাই দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেন। বর্তমানে সামি বাড়িতে সুস্থ রয়েছে। তার শরীরে গুলির কোনো আঘাত নেই বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও জানান, সোমবার সকালে নিয়মিতভাবেই স্কুলে যায় সামি। বেলা সাড়ে ১১টার দিকে ছুটি হলেও শ্রমিক অসন্তোষের কারণে শিক্ষার্থীদের কিছু সময় স্কুলের ভেতরে থাকতে হয়। পরে তার চাচা রফিকুল ইসলাম তাকে নিয়ে বের হলে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পড়ে। এ সময় ছোড়া ইটের আঘাতে সামি মাথায় গুরুতর আহত হয়।
পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর খবরকে ভিত্তিহীন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া এমন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।











