পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক : দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহলের উসকানি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্পকারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা উদ্বেগজনক। কারখানা ধ্বংস করে মালিক কিংবা শ্রমিক—কেউই নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবেন না। শ্রমিকেরা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হবেন বলে তিনি মনে করেন না।
ডা. শফিকুর রহমানের আশঙ্কা, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতি উসকে দিয়ে দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার পরামর্শ দেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে এ শিল্পে যে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
পরিস্থিতি মোকাবিলায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।











