ক্ষমা চেয়েও লাভ হলো না এমবাপ্পের, চীনে বন্ধ রিয়ালের ম্যাচ
অনলাইন ডেস্ক : চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চেয়েও পার পেলেন না কিলিয়ান এমবাপ্পে। দেশটিতে রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচার বন্ধ রেখেছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
রোববার রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেখানো হয়নি। শুধু এই ম্যাচ নয়, লা লিগার একাদশ রাউন্ডের অন্য ম্যাচগুলোও সিসিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়নি বলে জানিয়েছে এএফপি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমবাপ্পেকে মাও সে তুংকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করতে শোনা যায়। বিষয়টি চীনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে লা লিগার সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত নেয় চায়না মিডিয়া গ্রুপ।
পরিস্থিতি সামাল দিতে পরে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। এমবাপ্পে নিজের মন্তব্যকে বিবেচনাহীন বলেও স্বীকার করেন। তবে এতেও সম্প্রচার স্বাভাবিক হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমবাপ্পের ক্ষমা চাওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে দেশটির সম্প্রচার কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
এদিকে চীনের ডিজিটাল সম্প্রচারমাধ্যম মিগুতে বার্সেলোনাসহ কয়েকটি দলের ম্যাচ দেখা গেলেও রিয়াল মাদ্রিদের ম্যাচটি সেখানে সম্প্রচার করা হয়নি।
উল্লেখ্য, ইউরোপীয় ফুটবলের জন্য চীন একটি বড় বাণিজ্যিক বাজার। এমবাপ্পের মন্তব্যের পর দেশটির কয়েকটি বড় প্রতিষ্ঠান তার সঙ্গে থাকা পৃষ্ঠপোষকতার চুক্তিও বাতিল করেছে।











