নবীনগরে খামারিকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু ও মাছের খামারি আব্দুল হান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
গত শনিবার (৩১ অক্টোবর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান এ জিডি করেন। অভিযুক্তরা হলেন—ইমন, মহিদুল, জাবেদ, অভি দাস, বায়জিদ ও পলাশ।
জিডি ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আব্দুল হান্নানসহ স্থানীয় কয়েকটি পরিবারের বিভিন্নভাবে ক্ষতিসাধন করে আসছে। তাঁদের বিরুদ্ধে বাড়িঘর থেকে মালামাল, গাছের কলা এবং মাছের খামার থেকে মাছ চুরির অভিযোগও রয়েছে।
আব্দুল হান্নানের দাবি, অভিযুক্তরা তাঁকে গরুর খামার ও মাছের প্রকল্প পরিচালনা করতে বাধা দেওয়াসহ বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয়দের জানানোর পরদিন গোপালপুর দাসপাড়া সেতুর ওপর তাঁর ভাই ও চাচাতো ভাইয়ের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের গালিগালাজ করে লাঠি দিয়ে আঘাত এবং কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। আহত দুজন বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে অভিযুক্ত মহিদুলের বাবা জহিরুল ইসলাম মারামারির ঘটনা স্বীকার করে বলেন, তাঁর ছেলের বয়স ১৮ বছর। খামারের ভেতর থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত মীমাংসার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











