অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ৭ টাকা ৩৩ পয়সা
অনলাইন ডেস্ক : দেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা এ মূল্য রাত থেকেই কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৮৪ টাকা ৬২ পয়সা। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য বৃদ্ধির প্রভাবে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
কমিশন জানায়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেনের দাম প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণের ভিত্তিতে এ দুই উপাদানের গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার। আগের মাসের তুলনায় সৌদি সিপির গড় মূল্য বেড়েছে ৪৬ ডলার ৫০ সেন্ট।
এদিকে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও ২২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন নির্ধারিত মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়।
তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। নতুন মূল্য কার্যকর হওয়ার পর বাজারে নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাবে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। দাম বৃদ্ধির ফলে সাধারণ পরিবারের রান্নার জ্বালানি খরচও বাড়তে পারে।











