নবীনগরে ১০ মাস পর অগ্নিসংযোগ মামলা, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রায় ১০ মাস পর দলটির বহিষ্কৃত ও সাবেক কয়েকজন নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির একটি অংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
সোমবার (২ নভেম্বর) নবীনগরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মোল্লা বাদী হয়ে মামলার আবেদন করেন। এতে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম; নবীনগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রাসেল, আবু খান, আলমগীর, আনোয়ার হোসেন, এনামুল, ফরিদ ইসলাম, হারিজ মিয়া ও আমীর হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নাটঘর ইউনিয়নের কুড়িঘর একইছড়া বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়সহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেওয়ার পর পেট্রোল ও দিয়াশলাই ব্যবহার করে বিএনপির কার্যালয়, তিনটি মুদি দোকান এবং একটি ওষুধের দোকানে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে মামলার সময়কাল ও আসামিদের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছিলেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলেন। সে সময় ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও হযরত আলীসহ কয়েকজন দলীয় নেতাকর্মীও তাঁর সঙ্গে ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামলার আসামিদের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। নির্বাচনের সময়কার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সঙ্গে মামলার সম্পৃক্ততা থাকতে পারে বলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর সদরে প্রতিবাদ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবীনগর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলী আজ্জম।
এতে বক্তব্য দেন নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ এবং ছাত্রনেতা তৌফিকুল ইসলাম তপুসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, ঘটনার দীর্ঘ সময় পর বিএনপি নেতাকর্মীদের চাপে রাখতেই এ মামলা করা হয়েছে। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

 

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০