নবীনগরে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ যুব ঋণের চেক
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোলসহ স্থানীয় সফল উদ্যোক্তারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাউদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুল মান্নান জানান, নবীনগরে শিগগিরই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজও চলছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বেকারত্ব কমিয়ে উন্নত দেশ গঠনে যুবকদের ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন করা যুবক-যুবতীদের হাতে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
এ সময় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা, কর্মমুখী শিক্ষা ও আত্মনির্ভরশীলতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে যুবকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।











