ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন
অনলাইন ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪২৭ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মৃত্যু হয়েছে ১৭৪ জনের। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে।
এদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৩১ জন। এছাড়া খুলনায় ২৫৯, চট্টগ্রামে ২৫৭, বরিশালে ২২৯, রাজশাহীতে ১৮৫, ময়মনসিংহে ৯২, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।











