ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ৯৮টি বাসরুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ রোববার প্রাথমিকভাবে ছয়টি রুটে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও নতুন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নতুন ব্যবস্থায় একই সড়কে বিভিন্ন কোম্পানির বাসের অসুস্থ প্রতিযোগিতা কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও সুশৃঙ্খল হবে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতেই রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য-উপাত্ত বিশ্লেষণে ৩২ রুট
ঢাকার বাসরুট পুনর্বিন্যাসের পরিকল্পনা প্রথম নেওয়া হয় ২০১১ সালে। তবে তখন উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ২০১৯ সাল থেকে ডিটিসিএ নতুন করে সমীক্ষা ও পরিকল্পনার কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ৪২টি রুটের প্রস্তাব করা হলেও ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ, দুই সিটি করপোরেশন, বাস মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনার পর ৩২টি রুট চূড়ান্ত করা হয়।
২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন জরিপে ১০ হাজারের বেশি যাত্রীর ওঠানামার তথ্য এবং ৩৫ হাজারের বেশি বাসযাত্রীর যাত্রার শুরু ও গন্তব্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মহানগরীর ৭২টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ৭২ ঘণ্টা যানবাহন গণনা করা হয়। প্রায় ৪০০ কিলোমিটার বাস নেটওয়ার্কের অবকাঠামোগত অবস্থাও পর্যালোচনা করা হয়েছে।
ডিটিসিএর হিসাব অনুযায়ী, প্রস্তাবিত ৩২টি রুটে প্রতিদিন প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রীর চলাচলের সুযোগ তৈরি হতে পারে।
প্রথম পর্যায়ে চালু হচ্ছে ছয় রুট
প্রাথমিক পর্যায়ে যেসব রুটে বাস চলাচল শুরু হবে সেগুলো হলো—
1. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আবদুল্লাহপুর হয়ে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির।
2. মিরপুর চিড়িয়াখানা থেকে সায়েন্স ল্যাব হয়ে চুনকুটিয়া।
3. মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে শাহবাগ ও মৎস্য ভবন হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার।
4. মোহাম্মদপুরের বসিলা থেকে সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে কাঁচপুর সেতু।
5. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে মিরপুর-১০ হয়ে আবদুল্লাহপুরের ধউর সেতু।
6. টঙ্গী কলেজগেট থেকে আবদুল্লাহপুর হয়ে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির।
এসি-নন এসি বাস ও চক্রাকার সার্ভিস
পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন প্রধান রুটে ৭০ থেকে ২৫০টি পর্যন্ত নন-এসি বাস পরিচালনার প্রস্তাব রয়েছে। এছাড়া টঙ্গী কলেজগেট থেকে আজিমপুর পর্যন্ত ২২ দশমিক ৮৯ কিলোমিটার পথে ২০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস চালুর পরিকল্পনা করা হয়েছে।
প্রধান রুটের পাশাপাশি ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি চক্রাকার বাস সার্ভিস চালুর প্রস্তাব রয়েছে। প্রতিটি সার্কুলার রুটে ২০টি করে বাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
এ ব্যবস্থায় ঢাকা চাকা, রমজান আলী এন্টারপ্রাইজ, ফোর স্টার বাস লাইন ও পিএনপি সিটি সার্ভিসসহ কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানের নামও পরিকল্পনায় রাখা হয়েছে। বাস রাখার জন্য বিভিন্ন স্থানে নির্ধারিত স্থান তৈরির প্রস্তাব রয়েছে।
বাস্তবায়নেই সাফল্য দেখছেন সংশ্লিষ্টরা
পরিবহন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু বাসরুট কমিয়ে আনলেই রাজধানীর যানজট ও গণপরিবহনের বিশৃঙ্খলা দূর হবে না। নির্ধারিত স্টপেজে বাস থামানো, সময়সূচি অনুসরণ, পর্যাপ্ত বাস নিশ্চিত করা এবং পরিবহন কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ জরুরি।
পাশাপাশি সড়কে আইন প্রয়োগ ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নতুন বাসরুট ব্যবস্থায় যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ছোট সঞ্চয়েই ব্যাংকের আমানত ১২ লাখ কোটি টাকা ছাড়াল

বিমানের ককপিটে বেতারের গান, ঝুঁকিতে আকাশপথের যোগাযোগ

সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য, বন্ধুর ৪ দিনের রিমান্ড

জার্মানিতে বিক্ষোভ ঘিরে সহিংসতা, ফ্রাঙ্কফুর্টে লুটপাট ও সংঘর্ষ

নবীনগরে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার ৬-১ গোলের উৎসব

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

বিমানবন্দরে হামলা-হট্টগোলের মামলায় হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে তাণ্ডব, পুলিশ বক্সে আগুন

বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার