ছোট সঞ্চয়েই ব্যাংকের আমানত ১২ লাখ কোটি টাকা ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : ব্যাংক খাতে ব্যক্তি ও পরিবার পর্যায়ের আমানত বাড়ছে। ছোট ছোট সঞ্চয়ের সম্মিলিত প্রভাবে চলতি বছরের জুন শেষে এ খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৪৬ হাজার ৬০০ কোটি টাকা। গত এক বছরে আমানত বেড়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা। তবে ব্যাংকে আমানত বাড়লেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে সামগ্রিক জাতীয় সঞ্চয়ের হার কমছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তি ও পরিবারের নামে ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৩ লাখের বেশি। এর মধ্যে ২ লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে ১৬ কোটি ১৭ লাখের বেশি হিসাবে। অর্থাৎ মোট হিসাবের প্রায় ৯৩ শতাংশই ছোট অঙ্কের আমানতনির্ভর।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুনে ব্যক্তি ও পরিবার পর্যায়ের ব্যাংক আমানত ছিল ১১ লাখ ৮ হাজার ৭০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়ে ১২ লাখ ৪৬ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছেছে। প্রবৃদ্ধির হার প্রায় ১২ দশমিক ৪৪ শতাংশ।
আমানতের বড় অংশ রয়েছে ২ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত জমা থাকা হিসাবগুলোতে। এ শ্রেণিতে মোট আমানতের ৫৬ শতাংশ বা ৬ লাখ ৯২ হাজার ৪০০ কোটি টাকা জমা রয়েছে। অন্যদিকে ২ লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে ১ লাখ ৬৪ হাজার ২০০ কোটি টাকা।
২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। আর ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত জমা রয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০০ কোটি টাকা।
কোটি টাকার আমানতও বাড়ছে
ছোট সঞ্চয়কারীদের পাশাপাশি বড় অঙ্কের আমানত থাকা ব্যাংক হিসাবের সংখ্যাও বেড়েছে। গত বছরের জুনে ১ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাব ছিল ৩৭ হাজার ৩৬টি। চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টিতে।
অর্থাৎ এক বছরে এ ধরনের হিসাব বেড়েছে ৩ হাজার ৬৬৫টি। এসব হিসাবে মোট জমার পরিমাণ ৯০ হাজার ২০০ কোটি টাকা, যা ব্যক্তি ও পরিবার পর্যায়ের মোট আমানতের প্রায় ৭ শতাংশ।
তবে ব্যাংক হিসাবের সংখ্যা মানেই স্বতন্ত্র আমানতকারীর সংখ্যা নয়। একজন ব্যক্তি একাধিক ব্যাংক বা একই ব্যাংকে একাধিক হিসাব পরিচালনা করতে পারেন।
রেমিট্যান্সে বাড়ছে আমানত
অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হকের মতে, ব্যক্তি ও পরিবার পর্যায়ে আমানত বৃদ্ধির অন্যতম কারণ প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি। রেমিট্যান্স বাড়ায় অনেক পরিবারের হাতে অতিরিক্ত অর্থ এসেছে, যার একটি অংশ ব্যাংকে জমা হচ্ছে।
তবে তার মতে, মূল্যস্ফীতির চাপ কম থাকলে সাধারণ মানুষের সঞ্চয়ের পরিমাণ আরও বাড়তে পারত। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় ধরে রাখতে জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে আনা জরুরি। একই সঙ্গে ব্যাংকে জমা হওয়া অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
ব্যাংকে আমানত বাড়লেও কমছে জাতীয় সঞ্চয়
ব্যক্তি পর্যায়ে ব্যাংক আমানত বৃদ্ধির বিপরীতে জাতীয় সঞ্চয়ের চিত্রে ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় জাতীয় সঞ্চয়ের হার ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের প্রাথমিক হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৯৩ শতাংশে।
একই সময়ে জিডিপির তুলনায় মোট ভোগব্যয়ের হার ৭৪ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৬২ শতাংশ হয়েছে। অর্থাৎ মানুষের আয়ের বড় অংশ এখন সঞ্চয়ের পরিবর্তে দৈনন্দিন ব্যয়ে চলে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আগের মতো সঞ্চয় করতে পারছে না। অনেক পরিবারকে দৈনন্দিন চাহিদা পূরণে পুরোনো সঞ্চয়ও ভাঙতে হচ্ছে।
সঞ্চয় বাড়াতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের বড় ভিত্তি তৈরি হয় সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয় থেকে। তবে আমানত বৃদ্ধির পুরোটা নতুন জমা অর্থ নয়; এর সঙ্গে সুদ বা মুনাফার অর্থও যুক্ত হয়।
তার মতে, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে আয় পাওয়ার পরই নির্দিষ্ট একটি অংশ আলাদা করে রাখা উচিত। পাশাপাশি মানুষের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী সঞ্চয়পণ্য তৈরি করতে হবে। স্কুলপর্যায় থেকেই শিশুদের অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয়ের বিষয়ে শিক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় সঞ্চয়ের অন্যতম অংশ সরকারি ও বেসরকারি খাতের সঞ্চয়। দীর্ঘদিনের বাজেট ঘাটতির কারণে সরকারি খাতের সঞ্চয় প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। ফলে বেসরকারি খাতে সঞ্চয় বাড়লেও সামগ্রিক জাতীয় সঞ্চয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।
বিশ্লেষকদের অভিমত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং সঞ্চয়বান্ধব আর্থিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জাতীয় সঞ্চয়ের ভিত্তি শক্তিশালী করতে হবে। পাশাপাশি ব্যাংকে জমা হওয়া অর্থ উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগানো গেলে অর্থনীতিও দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

বিমানের ককপিটে বেতারের গান, ঝুঁকিতে আকাশপথের যোগাযোগ

সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য, বন্ধুর ৪ দিনের রিমান্ড

জার্মানিতে বিক্ষোভ ঘিরে সহিংসতা, ফ্রাঙ্কফুর্টে লুটপাট ও সংঘর্ষ

নবীনগরে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার ৬-১ গোলের উৎসব

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

বিমানবন্দরে হামলা-হট্টগোলের মামলায় হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে তাণ্ডব, পুলিশ বক্সে আগুন

বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার