এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

news-image

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার থেকে অনলাইনে এ আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ নভেম্বর।
শনিবার প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পাওয়ায় খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ নিতে পারবেন।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে করবেন আবেদন
ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
আবেদন ফি ও পরিশোধ পদ্ধতি
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন করার পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ অপশনে ক্লিক করতে হবে।
একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি জমা দিয়ে আবেদন চূড়ান্ত করার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।
তাই আবেদন করার আগে বিষয় নির্বাচন ও প্রদত্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।