তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

news-image

অনলাইন ডেস্ক : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৯ বছর বয়সী দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, গত রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। এর আগেও তাদের একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া মামলার আরেক রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজেও দিশাকে দেখা গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণেও ঘটনার আগে তাদের মধ্যে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তার দাবি, এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে দিশার সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত, প্রয়োজনীয় আলামত উদ্ধার এবং দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে দিশার তথ্য মিলিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এর আগে তাহসিফের বন্ধুস্থানীয় ছোটভাই হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে নৌ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের ঘটনায় আলোচনায় আসা তাহসিফ সাউরির মরদেহ গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে ২৭ অক্টোবর রাতে তাহসিফ ও তার বন্ধু দীপ উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান। সিসিটিভি ফুটেজে রাত ১০টা ১৭ মিনিটে তাদের সঙ্গে এক তরুণীকে মোটরসাইকেলে করে সেখানে প্রবেশ করতে দেখা যায়। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর রাত ১১টা ৫১ মিনিটে তারা একসঙ্গে বেরিয়ে যান।
এরপর ওই তরুণীর পরিচয় শনাক্তে অনুসন্ধান শুরু করে পুলিশ। পরবর্তী সময়ে দীপের দেওয়া তথ্যে অসংগতি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে দিশাকে গ্রেপ্তার করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। তদন্তকারীরা আশা করছেন, দিশাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ঘটনাপ্রবাহ ও মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ছোট সঞ্চয়েই ব্যাংকের আমানত ১২ লাখ কোটি টাকা ছাড়াল