নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাউদ্দিন ভূঁইয়া।
এতে বক্তব্য দেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল এবং সফল উদ্যোক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুল মান্নান জানান, নবীনগরে শিগগিরই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব। উন্নত বাংলাদেশ গঠনে যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন করা যুবক-যুবতীদের হাতে যুব ঋণের চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণে সমৃদ্ধ আত্মনির্ভরশীল যুবসমাজই পারে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে। এ লক্ষ্য অর্জনে তরুণদের কর্মসংস্থান, দক্ষতা বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তাঁরা।











