,

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

news-image

অনলাইন ডেস্ক : দেশে ইন্টারনেট ও মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও সবার হাতে নিজস্ব ডিভাইস পৌঁছায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ৮৯ দশমিক ৬ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। তবে নিজস্ব মোবাইল ফোন রয়েছে মাত্র ৬৫ দশমিক ৬ শতাংশের। অর্থাৎ, প্রায় ৩৪ শতাংশ মানুষের নিজের মোবাইল ফোন নেই।
বিবিএসের ‘আইসিটি ব্যবহার ও প্রয়োগ জরিপ ২০২৫-২৬’-এর চতুর্থ প্রান্তিকের তথ্য অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার ২০২৫ সালের এপ্রিল-জুনে ৫৫ শতাংশ ছিল। ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ২ শতাংশে। একই সময়ে মোবাইল ফোন ব্যবহারের হার ৮৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৮৯ দশমিক ৬ শতাংশ হয়েছে। স্মার্টফোন ব্যবহারের হারও ৭৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৭৫ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যেও দেশে ডিজিটাল সংযোগের বিস্তারের চিত্র উঠে এসেছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে মোবাইল গ্রাহক বেড়েছে ৫২ লাখ ৯০ হাজার। জানুয়ারিতে গ্রাহকসংখ্যা ১৮ কোটি ৫৮ লাখ থাকলেও আগস্টে তা বেড়ে ১৯ কোটি ১০ লাখ ৯০ হাজারে দাঁড়ায়।
মোবাইলনির্ভর যোগাযোগ বাড়ছে
বিবিএসের জরিপে দেখা গেছে, দেশের ৯৯ শতাংশ পরিবারের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রয়েছে। এর মধ্যে ৯৮ দশমিক ২ শতাংশ পরিবার যোগাযোগের জন্য শুধু মোবাইল ফোনের ওপর নির্ভরশীল। আগের বছর এ হার ছিল ৯৮ দশমিক ১ শতাংশ।
বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা জানুয়ারির ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার থেকে বেড়ে আগস্টে ১৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজার হয়েছে। এ সময় ইন্টারনেট ব্যবহারের আওতাভুক্ত জনসংখ্যার হার ৭৩ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ৭৭ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে।
মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও বেড়েছে। জানুয়ারিতে এ সংখ্যা প্রায় ১১ কোটি ৪২ লাখ ২০ হাজার থাকলেও আগস্টে তা বেড়ে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজার হয়েছে। অন্যদিকে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও পিএসটিএন সংযোগের মাধ্যমে ব্রডব্যান্ড গ্রাহকসংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ১ কোটি ৫৪ লাখে দাঁড়িয়েছে।
মোবাইল নেটওয়ার্কে ফোরজি প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। জানুয়ারিতে ফোরজি গ্রাহক ছিল ১১ কোটি ৩৪ লাখ ৯০ হাজার। আগস্টে তা বেড়ে ১২ কোটি ২৭ লাখ ১০ হাজার হয়েছে। বিপরীতে, থ্রিজি গ্রাহকসংখ্যা ২ কোটি ১২ লাখ থেকে কমে ১ কোটি ৫ লাখে নেমেছে।
পরিবার পর্যায়ে ইন্টারনেট সংযোগ কমেছে
ব্যক্তিগত পর্যায়ে মোবাইল ব্যবহারের সুযোগ বাড়লেও নিজস্ব ডিভাইসের মালিকানায় ঘাটতি রয়ে গেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নিজস্ব মোবাইল ফোনের মালিকানা ছিল ৬৪ দশমিক ২ শতাংশ মানুষের। ২০২৬ সালে তা বেড়ে ৬৫ দশমিক ৬ শতাংশ হয়েছে। অর্থাৎ, উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনো অন্যের ফোন ব্যবহার করে থাকেন।
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও অগ্রগতি তুলনামূলক কম। ব্যক্তিপর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার ১১ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১১ দশমিক ৮ শতাংশ হয়েছে। তবে কম্পিউটার রয়েছে এমন পরিবারের হার ৯ দশমিক ২ শতাংশ থেকে কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে।
সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহার বাড়লেও পরিবার পর্যায়ে ইন্টারনেট সংযোগের হার কমেছে। ২০২৫ সালের এপ্রিল-জুনে এ হার ছিল ৫৯ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালের একই সময়ে কমে ৫৮ দশমিক ২ শতাংশ হয়েছে।
একইভাবে ল্যান্ডফোন ব্যবহারের প্রবণতাও কমেছে। ২০২৫ সালে ০ দশমিক ৯ শতাংশ পরিবারের ল্যান্ডফোন থাকলেও ২০২৬ সালের এপ্রিল-জুনে তা কমে ০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
জেলাভিত্তিক তথ্য সংগ্রহে বিবিএসের উদ্যোগ
দেশে ব্যক্তি ও পরিবার পর্যায়ে তথ্যপ্রযুক্তির সুবিধা এবং ব্যবহারের চিত্র আরও স্পষ্ট করতে জেলাভিত্তিক জরিপ পরিচালনা করছে বিবিএস। ‘ব্যক্তি ও পরিবার পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি সুবিধা ও ব্যবহার পরিমাপ’ প্রকল্পের আওতায় কম্পিউটার সহায়তায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিভাইসের মালিকানা এবং ইন্টারনেট সুবিধার প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এসব তথ্য ডিজিটাল সেবার বিস্তার ও প্রযুক্তিগত বৈষম্য নিরূপণে সহায়ক হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা