পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে
আদালত প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে পাপ্পু চৌধুরী হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে গত ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানির জন্য নাসির উদ্দিন সাথীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সময় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে গুলিবিদ্ধ হন পাপ্পু চৌধুরী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ২৩ আগস্ট আলী চৌধুরী নামে এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।











