যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশুদের ফুটবল খেলার মাঠে ট্রাক উঠে পড়ার ঘটনায় ছয় বছর বয়সী এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন। শনিবার স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানায়, নিহত অন্য ব্যক্তির বয়স ৩৫ বছর। দুর্ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও প্রাথমিকভাবে কারও আঘাতকে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে না বলে জানিয়েছেন উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোসেস।
ঘটনার সময় ৩৪ বছর বয়সী এক নারী ট্রাকটি চালাচ্ছিলেন। ট্রাকটি স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সের পশ্চিম পাশের একটি ফুটবল মাঠে গিয়ে থামে। পুলিশ জানিয়েছে, চালক বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং তদন্তকারীরা তার সঙ্গে কথা বলছেন। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
উইচিটা পুলিশের প্রধান জো সুলিভান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহত ১০ জনের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী দুজন করে শিশু, নয় বছর বয়সী একটি শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এ ছাড়া আঘাতজনিত নয়, এমন শারীরিক সমস্যার কারণে আরও একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে নেওয়া হয়েছে।
তদন্তকারীরা জানান, ট্রাকচালক নারীর সন্তান ওই ক্রীড়া কমপ্লেক্সে ফুটবল খেলছিল। তবে দুর্ঘটনাকবলিত মাঠে শিশুটি খেলছিল না। ট্রাকটিতে আরও দুই কিশোর যাত্রী ছিল। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে জরুরি সেবাকর্মীরা দুর্ঘটনার খবর পেতে শুরু করেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উইচিটার মেয়র লিলি উ। তিনি বলেন, সন্তানদের ফুটবল খেলা দেখতে শনিবার বিকেলে অনেক পরিবার ওই ক্রীড়া কমপ্লেক্সে জড়ো হয়েছিল। সেখানে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে, তা কেউ ভাবেননি।











