ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা
অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিজেই এ খবর জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নারী দলকে নেতৃত্ব দেবেন আনিসা।
লিংকডইনে দেওয়া এক পোস্টে আনিসা জানান, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় খেলাটি সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল না বললেই চলে। নতুন একটি খেলা শেখার আগ্রহ যে তাকে একদিন জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব এনে দেবে, তা কখনো ভাবেননি তিনি। ইংল্যান্ডের নারী খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত বলেও উল্লেখ করেন আনিসা।
আনিসা খানের পারিবারিক শিকড় বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে প্রথমে রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হলেও পরবর্তী সময়ে আবাসন ব্যবসায় নাম লেখান তিনি। ইয়াওর খান যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কাবাডির সঙ্গে যুক্ত হন আনিসা। ধীরে ধীরে নিজের দক্ষতা দিয়ে জায়গা করে নেন ইংল্যান্ডের জাতীয় দলে। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন তিনি।
শিক্ষাজীবনে লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন আনিসা। কর্মজীবনে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করার পাশাপাশি ‘বোম্বে পিৎজা’ নামে একটি খাবারের ব্যবসাও গড়ে তোলেন।
২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন আনিসা। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।
ব্যবসা ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যেও কাবাডির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন আনিসা। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তার ক্রীড়াজীবনে যুক্ত হলো নতুন অর্জন।
আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন তিনি। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ১৪টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে।











