হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল
অনলাইন ডেস্ক :জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল হাইতির উদ্দেশে দেশ ছেড়েছে। বৃহস্পতিবার পাঁচটি কন্টিনজেন্টের এই সদস্যরা মিশনে যোগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের অংশগ্রহণের ধারাবাহিকতায় এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অব্যাহত অঙ্গীকারের অংশ হিসেবেই সেনাবাহিনীর সদস্যরা এই মিশনে অংশ নিতে যাচ্ছেন।











