নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে রেশমা গোপনে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পরিদর্শকের নজরে বিষয়টি এলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অসদুপায় অবলম্বনে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।











