বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মাধ্যমে চুক্তির বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। আলোচনার ভিত্তিতে যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে চুক্তির বিস্তারিত রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চুক্তির মূল নীতিগত বিষয়গুলোতে বড় কোনো বাধা নেই। তবে আলোচনার মাধ্যমে কীভাবে বিষয়গুলো চূড়ান্ত করা হবে, তা যৌথ কর্মপরিকল্পনায় নির্ধারিত হবে।
এর আগে দিনের শুরুতে সিরিকিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ, আর্থিক খাতের সংস্কার এবং দেশের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।
বৈঠকের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলোও দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করছে। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের এই সময়ে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণ এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমর্থন ও যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।











