এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
অনলাইন ডেস্ক : এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে এলপিজির সরবরাহ ও মূল্য নিয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা মেনে নেওয়া হবে না।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে জ্বালানির দাম রাখার চেষ্টা করছে সরকার।
জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিয়ে ধর্মঘটের মতো কর্মসূচি গ্রহণযোগ্য নয়। কেউ এ ধরনের উদ্যোগ নিয়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার হিসেবে মানুষের ভোগান্তি কমানো তাদের দায়িত্ব। তাই এলপিজি সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, যারা ধর্মঘটের কথা বলছেন, তাদের আলোচনার টেবিলে বসে সমাধানে আসা উচিত।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এ বিষয়গুলো নিয়েই অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে। নির্ধারিত দামে ভোক্তারা যাতে এলপিজি কিনতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে।











