নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : খাদ্যে ভেজাল শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটির কার্যক্রম ঘুরে দেখেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা মোবাইল ল্যাবের ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারটির কার্যক্রম এবং এর মাধ্যমে পরিচালিত তদারকির বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম চলছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে একটি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের মান যাচাইয়ের পাশাপাশি ভেজাল শনাক্তকরণ ও তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ভ্যানগুলোতে। পরীক্ষাগারের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











