বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন
অনলাইন ডেস্ক : বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
জানাজার আগে মরহুমের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড স্মরণ করে বক্তব্য দেওয়া হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফনের কর্মসূচি তিন ধাপে আয়োজন করা হয়েছে। প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্মসূচির শেষ ধাপে বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই প্রবীণ নেতা।
১৯৫৪ সালের ১ মে ঢাকার কদমতলী পশ্চিম, শ্যামপুর এলাকায় জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমেদ। তাঁর বাবার নাম আবদুর ব্যারেক সর্দার। তিনি ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ব্যবসা ও প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত হন। তিনি ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় দলীয় রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।











