আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৪ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী মাহাবুব রহমান। বুধবার দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত পুলিশের এই কর্মকর্তা জানান, ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনের শুনানি পরদিন অনুষ্ঠিত হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বুধবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনসংক্রান্ত শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন নির্ধারিত ছিল। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যে আইভীকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগানে অংশ নেন।











