রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন।
সচিব জানান, বিকেল ৩টা ৩৪ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে এ পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত কেন্দ্রের সব কার্যক্রমের পরিমাপক নির্ধারিত মাত্রায় রয়েছে। বিকিরণের মাত্রা নিয়েও উদ্বেগের কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গত বৃহস্পতিবার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। কেন্দ্রটিতে রাশিয়ার তৈরি তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের চুল্লি ব্যবহার করা হয়েছে, যাতে উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। পরবর্তী ধাপ ‘বি-২’-এ পারমাণবিক চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে ‘ক্রিটিক্যালিটি’ পর্যায়, যেখানে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া প্রতিষ্ঠা করা হয়।
এই প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে চুল্লির কার্যক্রম বাড়িয়ে স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের দিকে এগিয়ে যাওয়া হবে। উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।











