চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক
অনলাইন ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অব্যবস্থাপনা ও পরীক্ষা বাতিলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি অভিযোগ করেছেন, সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির চক্র এখনো সক্রিয় রয়েছে, যা তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে।
রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, পুরোনো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত চক্রগুলো এখনো সক্রিয় থাকায় চাকরিপ্রত্যাশীদের স্বপ্ন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক তরুণ আর্থিক চাপ ও নানা কষ্ট সহ্য করে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই ওএমআর শিট নিয়ে পরীক্ষা স্থগিত করার ঘটনা তাঁদের জন্য চরম হতাশাজনক। এ ধরনের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় চাকরিপ্রার্থীদের ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, প্রশ্নফাঁস ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
এ ছাড়া চাকরিপ্রার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ভবিষ্যতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরীক্ষাকেন্দ্র বাড়ানোর আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। তাঁর মতে, নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করা গেলে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং সরকারি নিয়োগের প্রতি মানুষের আস্থা বাড়বে।











